মনোনয়নের দৌড়ে রমনিকে পেছনে ফেললেন স্যান্টোরাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের আগামী প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী বাছাইয়ের দৌড়ে এগিয়ে গেছেন পেনসিলভানিয়ার সাবেক সিনেটর কট্টরপন্থী রিক স্যান্টোরাম। গত মঙ্গলবার রাতে মিসৌরি, মিনেসোটা ও কলোরাডো অঙ্গরাজ্যের ককাসে জয়লাভ করার মধ্য দিয়ে ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের সাবেক গভর্নর মিট রমনিকে পেছনে ফেললেন স্যান্টোরাম। ফলে দলের প্রার্থী বাছাইয়ের প্রতিযোগিতা নতুন মাত্রা পেল। রণাঙ্গনে এগিয়ে থাকা রমনির প্রধান বিকল্প হিসেবে আবির্ভূত হলেন স্যান্টোরাম। ৫৩ বছরের স্যান্টোরাম নতুন তিনটিসহ এ পর্যন্ত চারটি অঙ্গরাজ্যে জয় পেলেন। এর আগে আইওয়া অঙ্গরাজ্যে মিট রমনিকে পরাজিত করেন স্যান্টোরাম। মিট রমনি এ পর্যন্ত তিনটি অঙ্গরাজ্যে জয়লাভ করেছেন। অপর প্রতিদ্বন্দ্বী প্রতিনিধি পরিষদের সাবেক স্পিকার নিউট গিংরিচ সাউথ ক্যারোলাইনা অঙ্গরাজ্যে জয় পান। দলের চতুর্থ প্রার্থী রন পল এ পর্যন্ত কোনো জয় পাননি। অঙ্গরাজ্যভিত্তিক রিপাবলিকান পার্টির প্রাথমিক এ নির্বাচনের চূড়ান্ত বিজয়ী আগামী নভেম্বরে অনুষ্ঠিতব্য প্রেসিডেন্ট নির্বাচনের ডেমোক্রেটিক পার্টির প্রার্থী বারাক ওবামার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার মনোনয়ন পাবেন। বিজয় শোভাযাত্রা চলাকালে স্যান্টোরাম বলেন, ‘আমি এখানে মিট রমনির বিকল্প হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে আসিনি। আমি দলের হয়ে বারাক ওবামার বিরুদ্ধে প্রতিযোগিতায় নেমেছি।’তিনি বলেন, ‘আজকের রাতের এ জয় শুধু আমাদের নয়, এ জয় দলের কণ্ঠস্বরের। আমাদের এমন একজন প্রেসিডেন্ট দরকার, যিনি আমেরিকান জনগণের কথা শুনবেন।’ জয়ের জন্য স্যান্টোরামকে অভিনন্দন জানিয়েছেন রমনি। তবে তিনি দৃঢ়তার সঙ্গে বলেছেন, দলের চূড়ান্ত মনোনয়ন তিনিই পাবেন। রমনি বলেন, ‘এটা রিক স্যান্টোরামের জন্য শুভরাত্রি। আমি তাঁর সাফল্য কামনা করি এবং তাঁকে অভিনন্দন জানাতে চাই। আমাদের প্রচারণা অব্যাহত থাকবে। তবে আমি প্রত্যাশা করি, আপনাদের সহযোগিতায় আমিই দলের মনোনয়ন পাব।’ রমনি এবং স্যান্টোরাম দুজনই ব্যর্থ নীতি প্রণয়নের অভিযোগ তুলে প্রেসিডেন্ট ওবামাকে আক্রমণ করে আসছেন। রমনি বলেন, বর্তমানে এমন একটা অবস্থা বিরাজ করছে, যখন দেশের জনগণ শাসনব্যবস্থার মৌলিক পরিবর্তন এবং সংস্কারের জন্য উন্মুখ হয়ে আছে। ওয়াশিংটন নিজে তাঁর এ সংস্কার করতে পারবে না এবং ওয়াশিংটনের সংস্কৃতির সঙ্গে যাঁরা আপোস করে চলেন, তাঁদের দ্বারাও এর সংস্কার করা সম্ভব নয়। তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, এই দৌড়ে আমিই একমাত্র ব্যক্তি, যাঁর সঙ্গে আগে কখনোই ওয়াশিংটনের সংশ্লিষ্টতা ছিল না। এদিকে স্যান্টোরাম দাবি করেন, ওবামাকে পরাজিত করার জন্য রিপাবলিকান পার্টির তিনিই সবচেয়ে যোগ্য ব্যক্তি। তিনি বলেন, মিট রমনি এবং বারাক ওবামা মূলত একই অবস্থানে রয়েছেন। মুক্তির জন্য আপনাদের যে কণ্ঠস্বর, তাঁর পক্ষে যুদ্ধ করার জন্য তাঁরা কখনোই যোগ্য হতে পারেন না। পিটিআই অনলাইন।