মিয়ানমারের ওপর পশ্চিমা অবরোধসহ অন্যান্য বিষয়ে অবস্থান পরিবর্তন না করলে গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি ও তাঁর দলকে করুণ পরিণতি ভোগ করতে হবে বলে হুমকি দেওয়া হয়েছে। গতকাল রোববার মিয়ানমারের রাষ্ট্রনিয়ন্ত্রিত সংবাদমাধ্যমে এ হুমকি দেওয়া হয়।গত শনিবার এক অনুষ্ঠানে বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে সু চি বলেন, তিনি এ মুহূর্তেই মিয়ানমারের ওপর আরোপিত অবরোধ তুলে নেওয়ার কোনো কারণ দেখছেন না। তবে অবরোধের মেয়াদ বাড়ানো উচিত কি না, সে বিষয়ে বিস্তারিত আলোচনা হতে পারে বলে তিনি মনে করেন। সু চির এ মন্তব্যের পরের দিনই (গতকাল রোববার) রাষ্ট্রনিয়ন্ত্রিত সংবাদপত্রগুলোয় ‘স্যাংকশনস, দ্য সু চি অ্যান্ড এনএলডি’ শিরোনামের একটি মন্তব্য প্রতিবেদন ছাপা হয়। প্রতিবেদকের নাম ইয়ান গাই অং। নামটির অর্থ ‘মহান বিজয়ী’। ধারণা করা হচ্ছে, জান্তা সরকারের পক্ষ থেকে ছদ্মনামে এটি লেখা হয়েছে। মিয়ানমারের রাষ্ট্র পরিচালিত এসব সংবাদপত্রকে বরাবরই ক্ষমতাসীন জান্তা সরকারের মুখপত্র হিসেবে বিবেচনা করা হয়। ফলে এ হুমকিকে সরকারের বক্তব্য হিসেবে মনে করা হচ্ছে।ওই মন্তব্য প্রতিবেদনে বলা হয়, সু চি ও তাঁর রাজনৈতিক দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) যদি বিপথে চলতে থাকে এবং নতুন যুগ ও শাসনব্যবস্থার মধ্য দিয়ে অগ্রসরমাণ বর্তমান সরকারের গণতন্ত্রে উত্তরণের প্রচেষ্টাকে অবজ্ঞা করতে থাকে, তাহলে তাদের করুণ পরিণতি ভোগ করতে হবে। প্রতিবেদনে বলা হয়, অবরোধ ও নিষেধাজ্ঞার ব্যাপারে সু চির বক্তব্য তাঁদের দলীয় অবস্থানকে নির্দেশ করে। এ ক্ষেত্রে সু চির তৎপরতাকে উসকানিমূলক মনে হচ্ছে। তবে ওই প্রতিবেদক সু চি ও তাঁর দলকে জনগণের সঙ্গে আরও সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন। সাধারণ মানুষের সঙ্গে সু চিকে আগের চেয়ে আরও বেশি মেলামেশার আমন্ত্রণ জানিয়েছেন তিনি।১৯৬২ সালে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা নেওয়ার পর সামরিক জান্তা মিয়ানমারের রাষ্ট্রযন্ত্র কুক্ষিগত করে। অং সান সু চির নেতৃত্বে দেশটিতে বেশ কয়েকবার গণতান্ত্রিক আন্দোলন হলেও কোনো আন্দোলনই শেষ পর্যন্ত সফল হতে পারেনি। ১৯৯০ সালে সু চির দল বিপুল ভোটে জয়লাভ করলেও সেনাবাহিনী দলটিকে সরকার গঠন করতে দেয়নি। প্রায় দুই দশক পর গত নভেম্বরে জান্তা সরকার সাধারণ নির্বাচন দিয়ে একটি বেসামরিক সরকার নির্বাচিত করলেও কার্যত মূল ক্ষমতা এখনো তাদের হাতে রয়েছে। নির্বাচনের পরপরই গৃহবন্দিত্ব থেকে সু চিকে মুক্তি দেওয়া হলেও সব সময় তাঁকে কঠোর নজরদারিতে রাখা হয়েছে। রয়টার্স।