মন্ট্রিলে ফ্রাঙ্কোফলি ফেস্টিভ্যাল শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ৮ জুন বৃহস্পতিবার ২০১৭ থেকে শুরু হচ্ছে মন্ট্রিলের অন্যতম সংগীত ফেস্টিভ্যাল ফ্রাঙ্কোফলি। চলবে ১৮ জুন রোববার পর্যন্ত। উইন্টারে প্রচণ্ড তুষারপাত আর শৈত্যপ্রবাহের তাণ্ডবে কাঁপলেও সামারে রকমারি উৎসবে বাজনার তালে তালে এবং হাজার হাজার পর্যটকের ভিড়ে দুলে ওঠে মন্ট্রিল। ব্যবসা-বাণিজ্যেও গতি ফিরে আসে। মালিকদের মুখের হাসি দেখলেই বুঝতে অসুবিধা হয় না ব্যবসার প্রসার ঘটেছে। মন্ট্রিলে ডাউন টাউনের প্লেস দ্য আটসের বিশাল এলাকাজুড়ে চলছে সাজ সাজ ভাব। বেশ কদিন ধরে শত শত শ্রমিকের বিরতিহীনভাবে কাজ করে প্রস্তুতি চলছে, উৎসবের জন্য বিশাল বিশাল মঞ্চসহ বিভিন্ন ধরনের গেট বানানো হচ্ছে। ফেস্টিভ্যাল উপলক্ষে চলবে নানা রকমের মেলা, শিশু-কিশোরদের জন্য ম্যাজিক, খেলা, থাকবে খাবার ও স্যুভেনির স্টল।
আগামী ৮ জুন বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ফেস্টিভ্যাল ফ্রাঙ্কোফলি দ্যু মরিয়াল, চলবে ১৮ জুন পর্যন্ত। ১০ দিনব্যাপী এই উৎসবে বিভিন্ন দেশের নামীদামি শিল্পীরা অংশগ্রহণ করবেন। বহুমুখী সংস্কৃতির দেশ কানাডায় বহু ভাষা-বহু জাতির বসবাস হলেও মূলত ফ্রাঙ্কোফলি ফ্রেঞ্চভাষীদের প্রিয় উৎসব। ১৯৮৯ সাল থেকে ফ্রাঙ্কোফলি ফেস্টিভ্যাল শুরু হয়েছে। এবারের ২৯তম ফ্রাঙ্কোফলি উৎসবটি চলাকালীন বাইরে প্রায় ১৮০টি ফ্রি কনসার্ট অনুষ্ঠিত হবে। তা ছাড়া ইনডোর ইভেন্ট তো আছেই। ১৯৮৯ থেকে এখন পর্যন্ত সারা বিশ্বের নামীদামি খ্যাতিমান দশ হাজারেরও বেশি শিল্পী অংশগ্রহণ করেছেন এ ফেস্টিভ্যালে। এ বছরও সেরা বাদক-গায়কেরাসহ এক হাজার শিল্পীর মিলনমেলায় সাতটি বিশাল বিশাল মঞ্চ থেকে রকমারি গান পরিবেশিত হবে। এ বছর ১০ লাখ সংগীতপিপাসুর উপস্থিতি হবে বলে আয়োজকেরা মনে করছেন। প্রতিবছরের মতো এবারও ‘ফ্রাঙ্কোফলি দ্যু মরিয়াল’-এর মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে বেল কানাডা ও ফোর্ড। ফরাসি ভাষার সংগীত হলেও সুরের মূর্ছনায় সব দেশের মানুষই অংশগ্রহণ করে। এ বছর মন্ট্রিলের ৩৭৫ বছর শুভ জন্মদিন উপলক্ষে রয়েছে বাড়তি আকর্ষণ। প্রবাসের কষ্টকঠিন সময়ের মাঝে পরিবার-পরিজন নিয়ে ঘুরে আসুন উৎসবটিতে। ভালো লাগবে। এ বছর সংগীতপিপাসুদের আরও বেশি করে মনোরঞ্জন করার জন্য আয়োজন করা হয়েছে রকমারি অনুষ্ঠানের। গত কয়েক বছরের মতো এ বছরও ফ্রাঙ্কোফলি অফিশিয়াল প্রেস ও ফটোগ্রাফার হিসেবে কানাডা-বাংলাদেশ নিউজ এজেন্সি সিবিএনএর প্রধান নির্বাহী এবং বিডি ২৪ লাইভ ডটকমের কানাডা ব্যুরোপ্রধান সদেরা সুজন মনোনীত হয়েছেন। ফ্রাঙ্কোফলি ফেস্টিভ্যালের সংবাদ ও ভিডিওচিত্র ধারাবাহিকভাবে প্রকাশ করবেন সদেরা সুজন। ২৮ জুন ২০১৭ শুরু হবে মন্ট্রিলের সবচেয়ে বড় সংগীত ফেস্টিভ্যাল জ্যাজ। ৩৮তম আসরটি চলবে ৮ জুলাই পর্যন্ত। বিশ্বের বিভিন্ন দেশের শিল্পী, বাদক শিল্পীদের পাশাপাশি হাজার হাজার বিশ্বপর্যটক অনুষ্ঠানটি দেখার জন্য মন্ট্রিলে সমবেত হবেন। প্রতিদিন দুপুর থেকে মধ্যরাত পর্যন্ত চলবে শুধুই গান আর গান।