মন্ট্রিয়েল স্টেডিয়াম এখন আশ্রয়কেন্দ্র

কানাডার মন্ট্রিয়েল অলিম্পিক স্টেডিয়াম এখন আশ্রয়কেন্দ্র। আমেরিকা থেকে কানাডায় আসা আশ্রয়প্রার্থীদের থাকার জন্য স্টেডিয়ামটি খুলে দেওয়া হয়েছে। মন্ট্রিয়েলের স্থানীয় কর্তৃপক্ষ ও রেড ক্রস কানাডা গত ২ আগস্ট স্টেডিয়ামটি খুলে দেয় বলে জানিয়েছে রয়টার্স।
মন্ট্রিয়েলের কুইবেক শহরে শরণার্থীর সংখ্যা ক্রমাগত বাড়ছে। এ অবস্থায় স্থানীয় রেড ক্রস ও স্বাস্থ্য কর্তৃপক্ষ আলোচনা করে এই স্টেডিয়ামটি শরণার্থীদের জন্য খুলে দেওয়ার সিদ্ধান্ত নেয়। মন্ট্রিয়েলের মেয়র ড্যানিশ কোডার আশ্রয়প্রার্থীদের স্বাগত জানিয়ে গত ২ আগস্ট টুইটারে একটি পোস্ট দেন। সেখানে তিনি লেখেন, ‘শুধু জুলাই মাসেই আমরা আড়াই হাজার আশ্রয়প্রার্থীকে স্বাগত জানিয়েছি। মানবকল্যাণে আমাদের দরজা খোলা থাকবে।’
স্টেডিয়ামটিতে বর্তমানে ঠিক কতজন শরণার্থী আছে তা স্থানীয় কর্তৃপক্ষ সুনির্দিষ্টভাবে জানাতে পারেনি। তবে এ বছর এখন পর্যন্ত ৪৩ হাজারেরও বেশি শরণার্থী আমেরিকা থেকে কানাডায় প্রবেশ করেছে বলে জানিয়েছে দেশটির সরকার। আর এসব শরণার্থীর অধিকাংশই কুইবেক শহরে অবস্থান করছে।
আমেরিকায় ট্রাম্প প্রশাসনের অভিবাসন-বিরোধী অবস্থানে ভীত হয়ে বহু মানুষ কানাডামুখী হয়েছে। এ অবস্থায় দেশটির সরকার শরণার্থীদের আশ্রয় দিতে এক রকম হিমশিম খাচ্ছে। আশ্রয়প্রার্থী এসব মানুষকে উপযুক্ত থাকার জায়গা করে দিতে কাজ করছে কানাডার সরকার। আর বিকল্প ওই আবাসস্থল তৈরির আগ পর্যন্ত তাদের এ স্টেডিয়ামে রাখা হবে।
রেড ক্রসের মুখপাত্র স্টেফানি পিকার্ড রয়টার্সকে বলেন, কুইবেক রেড ক্রস ও স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ মন্ট্রিল স্টেডিয়াম খুলে দেওয়ার কাজটি করেছে। তাৎক্ষণিক সমাধানের জন্য এটি দরকার ছিল। ২ আগস্ট খুলে দেওয়ার পর আমেরিকা-কানাডা সীমান্ত থেকে একটি বাসে করে শরণার্থীদের স্টেডিয়ামটিতে নিয়ে আসা হয়।