মন্ট্রিয়েলে 'রাষ্ট্রীয় গুম' নিয়ে সেমিনার অনুষ্ঠিত

কানাডার মন্ট্রিয়েলে ‘সমাজের ওপর রাষ্ট্রীয় গুমের প্রভাব' শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ১১ সেপ্টেম্বর সন্ধ্যায় মন্ট্রিয়েলের কোয়ালিটি হোটেল কনভেনশন সেন্টারে এ সেমিনারে অনুষ্ঠিত হয়।
মন্ট্রিয়েলের বেসরকারি গবেষণা সংস্থা কানাডা-বাংলাদেশ ডেমোক্রেটিক অ্যালায়েন্সের উদ্যোগে এ সেমিনারের আয়োজন করা হয়। সেমিনার আয়োজক কমিটির আহ্বায়ক আনসারউদ্দীন আহমদ ও সদস্যসচিব নুরনবী রশীদের তত্ত্বাবধানে এটিই ছিল অ্যালায়েন্স আয়োজিত প্রথম সেমিনার। সেমিনারটি সঞ্চালনা করেন ক্যাপ্টেন ফরিদ হোসেন।
সেমিনারের প্রথম পর্বে বিশ্বের বিভিন্ন দেশে সরকারি তত্ত্বাবধানে গুম-খুন ও নির্যাতনের ওপর নির্মিত একটি ভিডিওচিত্র প্রদর্শন করা হয়। মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও হিউম্যান রাইটস ওয়াচের সূত্র থেকে সংগৃহীত তথ্যের সমন্বয়ে এ ভিডিওচিত্র নির্মাণ করা হয়। দ্বিতীয় পর্বে ছিল আলোচনা অনুষ্ঠান। এতে বক্তব্য রাখেন কোত দে নেইজের বরো মেয়র ও সিটি কাউন্সিলর মারভিন রোট্রান্ড, সাংবাদিক ও লেখক রেজাউল করীম তালুকদার, ইংলিশ মন্ট্রিয়েল স্কুল বোর্ডের কমিশনার মনিরুজ্জামান খোকন, লেখক ও কলামিস্ট মামুনুর রশীদ, জার্নালিস্ট ফোরামের সভাপতি রুমু ইসলাম, কনকর্ডিয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. সালেহ কাওসার, মানবাধিকার কর্মী নাসির তরফদার ও রেহেনা আকতার। এ ছাড়া নবী হোসেন, এজাজ আকতার তৌফিক, কামরুল হাসান ফারুক হাওলাদারসহ কানাডার মন্ট্রিয়েল, টরন্টো ও অটোয়ায় বসবাসরত বিভিন্ন পেশার বিশিষ্ট বাংলাদেশিরা আলোচনায় অংশ নেন।
সেমিনারে বক্তারা বলেন, বিশ্বের বিভিন্ন দেশে সাম্প্রতিক সময়ে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় অপহরণ, গুম ও গুপ্তহত্যা আশঙ্কাজনক হারে বেড়েছে। বাংলাদেশসহ তৃতীয় বিশ্বের দেশগুলোয় এটি ব্যাপক মাত্রা পেয়েছে। মূলত বিরোধী মত দমনের অংশ হিসেবেই এসব কর্মকাণ্ড পরিচালনা করা হচ্ছে। গণতন্ত্র ও আইনের শাসনের অভাবে এ ধরনের ভয়াবহ অবস্থা বিরাজ করতে পারছে। মুক্ত ও স্বাধীন মত দমনে এ গুম-খুন আপাতদৃষ্টে কার্যকর হলেও সমাজে এটি সুদূরপ্রসারী অভিঘাত সৃষ্টি করে। আক্রান্ত ব্যক্তির স্বজনদের ওপর এর স্থায়ী বিরূপ প্রভাব পড়ে। পাশাপাশি আইনের শাসনের প্রতিও আস্থাহীনতা দেখা দেয়। এ পরিপ্রেক্ষিতে এ ধরনের অমানবিক কর্মকাণ্ডের বিরুদ্ধে বিশ্বব্যাপী জনমত সৃষ্টির ওপর গুরুত্বারোপ করেন আলোচকেরা।