মন্তব্য নিয়ে লোকসভায় তোপের মুখে মনমোহন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতীয় পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভায় গতকাল বুধবার প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের কঠোর সমালোচনা করেছেন প্রধান বিরোধী দলগুলোর নেতারা। টাকা দিয়ে ভোট কেনার কেলেঙ্কারির ব্যাপারে কিছু জানেন না বলে মন্তব্য করায় তিনি এই তোপের মুখে পড়েন।গত সপ্তাহে প্রকাশিত উইকিলিকসের মার্কিন গোপন নথিতে বলা হয়, ২০০৮ সালের গুরুত্বপূর্ণ আস্থা ভোটে জয়ী হতে আইনপ্রণেতাদের অর্থ দিয়েছিল প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সরকার। এই তথ্য ফাঁস হওয়ার পর বিরোধী দলগুলোর রোষানলে পড়েন তিনি।প্রধান বিরোধী দল হিন্দু জাতীয়তাবাদী ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা সুষমা স্বরাজ লোকসভায় বলেন, প্রধানমন্ত্রীকে এই কেলেঙ্কারির দায় নিতে হবে। কারণ তিনিই সরকারপ্রধান। তিনি বলেন, অন্যের ওপর দোষারোপ করা প্রধানমন্ত্রীর অভ্যাস। যদি দ্রব্যমূল্য বৃদ্ধিসংক্রান্ত বিষয় হয়, তাহলে তিনি বলেন এ জন্য কৃষিমন্ত্রী শরদ পাওয়ার দায়ী। যদি দ্বিতীয় প্রজন্মের মুঠোফোন-সংক্রান্ত প্রসঙ্গ ওঠে, তাহলে এ রাজা (সাবেক টেলিকমমন্ত্রী) দায়ী। যদি তা হয় গেমসের বিষয়, তাহলে কলমাদি দায়ী।সুষমা স্বরাজ বলেন, ‘আমি কিছু জানি না, আমি এ বিষয়ে অবহিত নই, এখানে জোটের বাধ্যবাধকতা রয়েছে...এ ধরনের অজুহাতে মানুষ এখন ক্ষুব্ধ।’ তিনি বলেন, তাঁদের প্রশ্ন, তাহলে আপনি প্রধানমন্ত্রী কেন?কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়ার (সিপিআই) আইনপ্রণেতা গুরুদাস দাশগুপ্ত বলেন, এখানে সন্দেহের মেঘ দেখা যাচ্ছে, প্রধানমন্ত্রীকে তা পরিষ্কার করতে হবে।সন্দেহভাজন এই ভোট কেনার কেলেঙ্কারিকে ‘পার্লামেন্টারি দস্যুতা’ হিসেবে বর্ণনা করেছেন গুরুদাস। তিনি বলেন, এটি একটি পার্লামেন্টারি দস্যুতা। কারণ, কয়েকজন সদস্যকে অপহরণ করা হয়েছে।বিরোধীদের আক্রমণ এমন সময় এল, যখন কংগ্রেস নেতৃত্বাধীন জোট সরকার দুর্নীতির নানা অভিযোগ সামলাতে হিমশিম খাচ্ছে।উইকিলিকসের প্রকাশিত কূটনৈতিক নথিতে দেখা যায়, বিশিষ্ট কংগ্রেস নেতা সতীশ শর্মার সহযোগী নচিকেতা কাপুর বলেছেন, ২৫ লাখ ডলার দিয়ে চার এমপির ভোট কেনা হয়েছে।ফাঁস হওয়া নথি অনুযায়ী নয়াদিল্লিতে মার্কিন দূতাবাসের একজন কর্মীকে অর্থভর্তি দুটি সিন্দুক দেখানো হয়। এদিকে পার্লামেন্টের উচ্চকক্ষে বিজেপি নেতা অরুণ জেটলি বলেন, ২০০৮ সালে ভারতীয় গণতন্ত্রের সঙ্গে প্রতারণা করা হয়েছে।গত সপ্তাহে প্রধানমন্ত্রী মনমোহন সিং পার্লামেন্টে বলেছেন, ভোট কেনার কোনো কর্মকাণ্ড সম্পর্কে তিনি কিছু জানেন না। এএফপি, দ্য হিন্দু, টাইমস অব ইন্ডিয়া।