মন্তব্যের জন্য ক্ষমা চাইবেন না অমর্ত্য

গুজরাটের মুখ্যমন্ত্রী ও ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নির্বাচনবিষয়ক প্রধান নরেন্দ্র মোদিকে নিয়ে মন্তব্যের জন্য ক্ষমা চাইবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন নোবেলজয়ী ভারতীয় অর্থনীতিবিদ অমর্ত্য সেন। ‘দ্য টাইমস অব ইন্ডিয়া’কে দেওয়া এক বিশেষ সাক্ষাত্কারে অমর্ত্য সেন এ কথা বলেছেন।
অমর্ত্য সেন বলেন, ‘মোদিকে নিয়ে মন্তব্যের জন্য আমি ক্ষমা চাইব না।’
কয়েকদিন আগে একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাত্কারে অমর্ত্য সেন বলেন, ‘গুজরাটের মুখ্যমন্ত্রী ও ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নির্বাচনবিষয়ক প্রধান নরেন্দ্র মোদিকে আমি দেশের প্রধানমন্ত্রী পদে দেখতে চাই না।’
সিএনএন-আইবিএন চ্যানেলকে দেওয়া এক বিশেষ সাক্ষাত্কারে অমর্ত্য সেন বলেন, ‘একজন ভারতীয় নাগরিক হিসেবে আমি মোদিকে আমার প্রধানমন্ত্রী হিসেবে চাই না।তিনি দেশের সংখ্যালঘুদের নিরাপদ ভাবার মতো যথেষ্ট কিছু করেননি।’
মোদিকে কেন প্রধানমন্ত্রী পদে দেখতে চান না—এমন এক প্রশ্নের জবাবে অমর্ত্য সেন বলেন, সবার আগে তাঁকে আরও বেশি ধর্মনিরপেক্ষ হতে হবে। সংখ্যালঘু সম্প্রদায় যাতে নিজেদের আরও নিরাপদ ভাবতে পারে, তাঁকে সে রকম কিছু করতে হবে।
মোদিকে নিয়ে দেওয়া বক্তব্যের যৌক্তিকতা ব্যাখ্যা করতে গিয়ে অমর্ত্য সেন বলেন, এ বিষয়ে কথা বলাটা তাঁর মৌলিক অধিকার। সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়ের সদস্য হিসেবে সংখ্যালঘুদের ভীতির বিষয়ে কথা বলা তাঁর দায়িত্বও বটে।
মোদি প্রসঙ্গে সাম্প্রতিক মন্তব্যের প্রতিক্রিয়ায় বিজেপির সাংসদ চন্দন মিত্র বলেছেন, অমর্ত্য সেনের ‘ভারতরত্ন’ পদক কেড়ে নেওয়া উচিত।
এর জবাবে অমর্ত্য সেন বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারি যদি চান, তবে তিনি ওই পদক ফেরত দেবেন।
অমর্ত্য সেনকে রাজনীতিতে নাক না গলানোর আহ্বান জানিয়েছে ভারতের হিন্দু জাতীয়তাবাদী দল শিব সেনা।একই সঙ্গে মোদির বিষয়ে মন্তব্যের জের ধরে তাঁর ‘ভারতরত্ন’ পদক কেড়ে নেওয়ার দাবি তোলা সঠিক হয়নি বলে মন্তব্য করেছে দলটি।
গুজরাটের ২০০২ সালের হিন্দু-মুসলিম দাঙ্গার জন্য বিতর্কিত মোদিকে সম্প্রতি বিজেপির নির্বাচনবিষয়ক প্রধানের দায়িত্ব দেওয়া হয়।গুরুত্বপূর্ণ এ দায়িত্ব পাওয়ায় বিজেপি ভারতের আগামী সাধারণ নির্বাচনে জয়ী হলে মোদিই প্রধানমন্ত্রী হবেন বলে ধারণা করা হচ্ছে।মোদিকে ওই পদের দায়িত্ব দেওয়া নিয়ে দলের ভেতরে-বাইরে ব্যাপক আলোচনা-সমালোচনা হয়েছে।