মন্ত্রিদের পাশ কাটিয়ে ইরাক যুদ্ধে যোগ দেন ব্লেয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মন্ত্রিপরিষদকে পাশ কাটিয়েই ইরাকযুদ্ধে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন ব্রিটেনের তৎকালীন প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার। কেননা তিনি মন্ত্রিদের বিশ্বাস করতেন না। তাঁর ভয় ছিল, মন্ত্রিরা স্পর্শকাতর অনেক বিষয় গণমাধ্যমের কাছে বলে দিতে পারেন।ইরাকযুদ্ধ তদন্ত কমিশনকে গত শুক্রবার এ কথা জানিয়েছেন ব্রিটেনের তৎকালীন মন্ত্রিপরিষদ সচিব গুস ও’ডনেল। তিনি জানান, মন্ত্রিপরিষদের বৈঠককে আলোচনার জন্য নিরাপদ জায়গা বলে মনে করতেন না ব্লেয়ার। কেননা, ওই বৈঠকে যে-কেউ ব্যক্তিগতভাবে বিরোধিতা বা ভিন্নমত প্রকাশ করতে পারেন।ব্লেয়ার সম্প্রতি জানিয়েছেন, তৎকালীন চ্যান্সেলর গর্ডন ব্রাউনের সমর্থকেরা সরকারি অনেক গোপনীয় বিষয় হরহামেশা গণমাধ্যমকে জানিয়ে দিতেন।তদন্ত কমিশন সম্প্রতি জানতে পেরেছে, ইরাক আক্রমণের বিষয়টি নিয়ে মন্ত্রিপরিষদে বলতে গেলে আলোচনাই হয়নি। আর ইরাকবিষয়ক নথিপত্র মন্ত্রিদের কখনোই দেখতে দেওয়া হয়নি। শুধু ব্লেয়ারের ঘনিষ্ঠজনেরাই এগুলো পেতেন।ওই অবস্থাকে ‘সোফা সরকার’ অভিহিত করে গুস বলেছেন, ‘মন্ত্রীদের ওপর ব্লেয়ারের আস্থা কম ছিল। মন্ত্রিপরিষদের বৈঠকে আলোচনা করতে ব্লেয়ারের অনীহার একটা কারণ ছিল এটা।’গুস বলেন, ‘মন্ত্রিপরিষদের অবস্থান ছিল, এটি যদি ঠিকঠাক কাজ করে তাহলে জনগণ তাঁদের ভিন্নমত প্রকাশ করতে পারবে।’ তিনি নিজেই প্রশ্ন করেন, ‘তিনি (ব্লেয়ার) কেন মন্ত্রিপরিষদের বৈঠকে যেতেন না? আমার মনে হয়, তিনি মনে করতেন আলোচনার জন্য ওটা নিরাপদ জায়গা নয়।’সাবেক মন্ত্রিপরিষদ সচিব তদন্ত কমিশনকে জানান, ব্লেয়ারের ওই আচরণের কারণে মন্ত্রিরা কাজে আগ্রহ হারিয়ে ফেলেন। তিনি বলেন, ‘সবকিছু আনুষ্ঠানিকভাবে করার রীতিটিই বন্ধ হয়ে যায়। আর আনুষ্ঠানিকভাবে করা না হলেও সে কাজের নথিভুক্ত প্রমাণও থাকে না।’ইরাকযুদ্ধের আগে প্রধানমন্ত্রী ব্লেয়ার ও মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের মধ্যে গোপন চিঠি আদান-প্রদান ও আলোচনা-সংক্রান্ত নথি দেওয়ার জন্য গুসকে অনুরোধ জানিয়েছিলেন তদন্ত কমিশনের চেয়ারম্যান স্যার জন চিলকট। তবে গুস তা দিতে রাজি হননি। এ নিয়ে অনেক সমালোচনার মুখে পড়েন গুস। এতে হতাশা প্রকাশ করেন চিলকট। দ্য গার্ডিয়ান।