মন্ত্রিসভার রদবদলেও থেরেসা মের দুর্বলতার ছাপ স্পষ্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্যের মন্ত্রিসভায় গত রোববারের রদবদলে প্রধানমন্ত্রী থেরেসা মের দুর্বল অবস্থান স্পষ্ট হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকেরা। কোনো কোনো বিশ্লেষক তাঁকে ক্ষমতাহীন বলতে গিয়ে মৃত নারীর সঙ্গেও তুলনা করেছেন।

ক্ষমতায় ফিরলে প্রধানমন্ত্রী যাঁদের মন্ত্রিত্ব থেকে সরিয়ে দেবেন বলে ভাবা হচ্ছিল, রদবদল করা মন্ত্রিসভায় তাঁদের স্বপদেই রাখা হয়েছে। আর ২০১৬ সালে প্রধানমন্ত্রী হয়ে যে মাইকেল গোভকে বাদ দিয়েছিলেন, তাঁকে আবার মন্ত্রিসভায় ফিরিয়ে আনলেন থেরেসা। মন্ত্রিসভার শীর্ষ পদগুলোতে খুব একটা পরিবর্তন আনা হয়নি।

গত ৮ জুন যুক্তরাজ্যে মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হয়। সংসদে সংখ্যাগরিষ্ঠতা থাকা সত্ত্বেও ক্ষমতা আরও নিরঙ্কুশ করতে এবং বিরোধী দলগুলোর অবস্থান আরও দুর্বল করে দিতে এই মধ্যবর্তী নির্বাচন দেন থেরেসা মে। কিন্তু ১৩টি আসন হারিয়ে তাঁর কনজারভেটিভ দল এখন এককভাবে সরকার গঠনেই ব্যর্থ। তাই মাত্র ১০ আসন জেতা দক্ষিণ আয়ারল্যান্ডের রক্ষণশীল দল ডেমোক্রেটিক ইউনিয়নিস্টস পার্টির (ডিইউপি) সঙ্গে সমঝোতা করে সরকার গঠনের ঘোষণা দিয়েছেন মে। শক্তিশালী নেতৃত্ব চাইতে গিয়ে দুর্বল হয়ে পড়ায় মারাত্মক সমালোচনার শিকার হচ্ছেন তিনি। নিজ দলের পক্ষ থেকেও তাঁর পদত্যাগের চাপ আছে।

২০১৬ সালে প্রধানমন্ত্রীর পদ থেকে ডেভিড ক্যামেরন পদত্যাগ করলে কনজারভেটিভ দলে নেতৃত্বের লড়াই শুরু হয়। তখন থেরেসা মের প্রতিদ্বন্দ্বী ছিলেন তৎকালীন বিচারবিষয়ক মন্ত্রী মাইকেল গোভ। থেরেসা মে দলীয় নেতা নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েই মাইকেল গোভকে মন্ত্রিসভা থেকে বাদ দেন। রদবদল করা মন্ত্রিসভায় সেই গোভকেই ফিরিয়ে আনলেন পরিবেশবিষয়ক মন্ত্রীর দায়িত্ব দিয়ে। বলা চলে, থেরেসার রদবদল করা মন্ত্রিসভার এটাই একমাত্র চমক। তবে গোভ পরিবেশের দায়িত্ব পালনে উপযুক্ত কি না, তা নিয়ে বিতর্ক দেখা দিয়েছে। কারণ, ২০১৩ সালে শিক্ষামন্ত্রী থাকা অবস্থায় তিনি বিদ্যালয়ের ভূগোলবিষয়ক জাতীয় পাঠ্যক্রম থেকে জলবায়ু পরিবর্তনের বিষয়টি বাদ দিতে চেয়েছিলেন। চাপের মুখে তিনি সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন।

এ ছাড়া প্রত্যাশিত ফল পেয়ে ক্ষমতায় ফিরলে থেরেসা চ্যান্সেলর (অর্থমন্ত্রী) পদ থেকে ফিলিপ হ্যামন্ড ও পররাষ্ট্রমন্ত্রীর পদ থেকে বরিস জনসনকে বাদ দেবেন বলে মনে করা হচ্ছিল। কিন্তু তাঁরা স্বপদে রয়ে গেছেন। অন্য গুরুত্বপূর্ণ পদ যেমন স্বরাষ্ট্রমন্ত্রী পদে অ্যাম্বার রাড, আন্তর্জাতিক বাণিজ্যমন্ত্রী হিসেবে লিয়াম ফক্স এবং প্রতিরক্ষায় মাইকেল ফ্যালন বহাল আছেন। নিজের অতি বিশ্বস্ত ডোমিয়ান গ্রিনকে ওয়ার্ক অ্যান্ড পেনশন সেক্রেটারির পদ থেকে পদোন্নতি দিয়ে করেছেন ফার্স্ট সেক্রেটারি। প্রধানমন্ত্রীর পরই এই পদের অবস্থান বলা চলে।