মন্ত্রিসভায় কারজাই মনোনীত প্রার্থীদের বাদ দিল পার্লামেন্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফগানিস্তানে প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের মনোনয়ন দেওয়া মন্ত্রিসভার অধিকাংশ সদস্য সে দেশের পার্লামেন্টের আস্থা লাভে ব্যর্থ হয়েছেন। মন্ত্রিসভায় মনোনয়ন পাওয়া ২৪ জনের মধ্যে ১৭ জনকেই প্রত্যাখ্যান করেছেন পার্লামেন্ট সদস্যরা। এতে করে নতুন মন্ত্রিসভা গঠন নিয়ে শুরুতেই সমস্যায় পড়লেন হামিদ কারজাই।মন্ত্রিসভার সদস্যদের অনুমোদন নিয়ে গত শনিবার পার্লামেন্টে গোপন ভোট হয়। দুই শতাধিক পার্লামেন্ট সদস্য এতে ভোট দেন। ভোট গণনার পর স্পিকার মোহাম্মদ ইউনুস কানুনি পার্লামেন্টকে বলেন, ‘মনোনীত ২৪ জনের মধ্যে সাতজন আপনাদের ভোটে অনুমোদন পেয়েছেন।’বাদ পড়া ব্যক্তিদের মধ্যে আছেন বিচারমন্ত্রী পদে সারওয়ার দানিশ, উচ্চশিক্ষা মন্ত্রণালয়ে আবিদুল্লাহ ওবায়েদ, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ে ইনায়েতুল্লাহ বালিঘ, গণপূর্ত মন্ত্রণালয়ে মির্জা হুসেইন আবদুল্লাহি, গণস্বাস্থ্যে সাইদ মোহাম্মদ আমিন ফাতিমি, যোগাযোগ মন্ত্রণালয়ে আমিরজাই সাংগিন। এ ছাড়া মনোনীত ব্যক্তিদের মধ্যে একমাত্র নারী হুসনে বানু গজনাফরও বাদ পড়েছেন। তাঁকে মনোনয়ন দেওয়া হয়েছিল নারীবিষয়ক মন্ত্রণালয়ে।পার্লামেন্টের চূড়ান্ত অনুমোদনের জন্য প্রেসিডেন্ট হামিদ কারজাই দুই সপ্তাহ আগে মন্ত্রিসভার ২৪ সদস্যের একটি তালিকা পার্লামেন্টে উত্থাপন করেন। তবে গতকালের ভোটাভুটির পর কারজাই জানিয়েছেন, শূন্য হয়ে যাওয়া মন্ত্রণালয়গুলোর জন্য তিনি নতুন করে মনোনয়ন দেবেন। কিন্তু নতুন মনোনীত ব্যক্তিদের নাম কবে নাগাদ ঘোষণা করা হতে পারে, সেটা এখনো পরিষ্কার নয়।বিশ্লেষকেরা বলছেন, পার্লামেন্টকে খুশি করে নতুন করে মন্ত্রিসভা গঠন করা কারজাইয়ের জন্য বেশ কঠিন হবে। তা ছাড়া তাঁর ওপর দাতাগোষ্ঠীর চাপও রয়েছে। দাতারা ইতিমধ্যে জানিয়ে দিয়েছে, দুর্নীতির দায়ে অভিযুক্ত ব্যক্তিদের মন্ত্রী করা হলে তারা সেই মন্ত্রণালয়ে অর্থ-সাহায্য দেবে না। বাদ পড়া ব্যক্তিদের বেশির ভাগের বিরুদ্ধে দুর্নীতি, যুদ্ধ, মানবাধিকার লঙ্ঘন ও অন্যান্য অপরাধের অভিযোগ রয়েছে।তবে স্বরাষ্ট্র, প্রতিরক্ষা, অর্থ, শিক্ষা ও সংস্কৃতির মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলোতে মনোনীত ব্যক্তিরা পার্লামেন্টের অনুমোদন পেয়েছেন। তাঁদের বেশির ভাগ অবশ্য মন্ত্রিসভায় পুরোনো। মন্ত্রিসভায় তাঁরা টিকে যাওয়ায় কারজাইয়ের পশ্চিমা সমর্থকদের অনেকে খুশি হলেও বিশ্লেষকেরা বলছেন, দেশের জন্য যখন নতুন লোক দরকার, তখন পুরোনো ব্যক্তিদের নতুন করে ক্ষমতায় ফিরিয়ে আনছেন কারজাই।সাবেক প্রধানমন্ত্রী আহমেদ শাহ আহমেদজাই বলেন, ‘প্রেসিডেন্ট নির্বাচনের আগেও কারজাই ব্যর্থ ছিলেন, নির্বাচনের পরও তিনি বিফল হলেন। মন্ত্রিসভার জন্য তাঁর পছন্দ ও মনোনয়ন সঠিক ছিল না এবং তিনি নিজেও দেশের জন্য উপযুক্ত নন। এখন প্রেসিডেন্টের অবশ্যই পদত্যাগ করা উচিত।’নির্বাচনে কারজাইয়ের প্রধান প্রতিদ্বন্দ্বী সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ আবদুল্লাহ রয়টার্সকে বলেন, ‘কারজাই নির্বাচনেও হেরেছিলেন, মন্ত্রিসভা গঠন করতে গিয়েও হারলেন। এটা তাঁর প্রতি অনাস্থা ভোট।’ আবদুল্লাহর অভিযোগ, ভোট কারচুপি করেই কারজাই নির্বাচনে জিতেছেন। সূত্র: এএফপি, রয়টার্স, দ্য ডন।