মন্ত্রিসভায় রদবদল করলেন এরদোয়ান
দুর্নীতির কেলেঙ্কারির মুখে চাপে পড়া তুরস্কের প্রধানমন্ত্রী রিসেপ তাইয়েপ এরদোয়ান তাঁর মন্ত্রিসভায় রদবদল করেছেন। তিনজন মন্ত্রীর পদত্যাগের প্রেক্ষাপটে গত বুধবার রাতে এ পদক্ষেপ নেন তিনি। পদত্যাগকারী তিনজনসহ অন্তত ১০ জন মন্ত্রীর স্থানে রদবদল করেন প্রধানমন্ত্রী এরদোয়ান।
এই কেলেঙ্কারির ফলে ইসলামপন্থী এরদোয়ানের দুই মেয়াদে ১১ বছর ধরে ক্ষমতাসীন সরকার সবচেয়ে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছে। এর জেরে অর্থনীতিবিষয়ক মন্ত্রী জাফর কাগলায়ান, স্বরাষ্ট্রমন্ত্রী মুয়াম্মার গুলার এবং পরিবেশ ও নগর পরিকল্পনাবিষয়ক মন্ত্রী পদত্যাগ করেন। এসব পদে তিনজন মন্ত্রীকে দায়িত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী। এ ছাড়া ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বিষয়ক মন্ত্রী, বিচারমন্ত্রী, পরিবহন, পরিবার, ক্রীড়া ও শিল্পবিষয়ক মন্ত্রী এবং তাঁর চার উপমন্ত্রীর একজনকে সরিয়ে দিয়েছেন তিনি। ইতিমধ্যে এরদোয়ান তাঁর পুনর্গঠিত মন্ত্রিসভার নামের তালিকা প্রেসিডেন্ট আবদুল্লাহ গুলের কাছে উপস্থাপন করেছেন।
পদত্যাগ করা তিন মন্ত্রীর ছেলেরা দুর্নীতি ও ঘুষ গ্রহণের অভিযোগে গ্রেপ্তার রয়েছেন। এপি।