মন্ত্রী হতে পারেন বাবুল সুপ্রিয়

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ২৬ মে গঠিত ৪৫ সদস্যের মন্ত্রিসভার শিগগিরই সম্প্রসারণ হতে পারে। এতে পশ্চিমবঙ্গ থেকে সংগীত তারকা বাবুল সুপ্রিয় অন্তর্ভুক্ত হতে পারেন বলে জানা গেছে।
বিজেপি সূত্র থেকে জানা গেছে, আগামী ৪ জুন নতুন পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভার প্রথম অধিবেশন বসবে। চলবে ১১ জুন পর্যন্ত। রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় ৯ জুন পার্লামেন্টের যৌথ অধিবেশনে ভাষণ দেবেন। এরপর মন্ত্রিসভায় আরও ২৫ জন মন্ত্রী-প্রতিমন্ত্রী অন্তর্ভুক্ত হতে পারেন।
ভারতের বর্তমান মন্ত্রিসভার ৪৫ সদস্যের মধ্যে পশ্চিমবঙ্গের কোনো প্রতিনিধি নেই। নেই কোনো বাঙালি মন্ত্রীও। নির্বাচনে বিজেপির ভোট ৪ শতাংশ বেড়ে ১৭ শতাংশ হলেও সেভাবে মূল্যায়ন করা হয়নি পশ্চিমবঙ্গকে। এ ছাড়া এই রাজ্য থেকে দুটি আসনে জিতেছে বিজেপি। আসানসোল আসনে সংগীতশিল্পী বাবুল সুপ্রিয় আর দার্জিলিং আসনে প্রবীণ নেতা সুরিন্দর সিং আলুওয়ালিয়া।
মোদির নেতৃত্বে প্রথম মন্ত্রিসভার শপথ নেওয়ার আগেই খবর ছড়িয়েছিল যে নতুন মন্ত্রিসভায় ঠাঁই পেতে চলেছেন বাবুল সুপ্রিয় ও আলুওয়ালিয়া। তাঁরা কেউ মন্ত্রিসভায় না থাকায় ক্ষোভ ছড়িয়ে পড়ে পশ্চিমবঙ্গ বিজেপিতে। বিজেপির রাজ্য সভাপতি রাহুল সিনহা ঘোষণা করেন, পরবর্তী মন্ত্রিসভার সম্প্রসারণে পশ্চিমবঙ্গের প্রতিনিধিত্ব থাকবে।
১৯৯৯ সালে লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে বিজেপি দুটি আসনে জিতেছিল। ওই সময় বাজপেয়ীর মন্ত্রিসভায় তপন সিকদার ও সত্যব্রত মুখার্জি নামের ওই দুই সাংসদকে অন্তর্ভুক্ত করা হয়।