ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদের নির্দেশে দেশটির মন্ত্রীরা তাঁদের ব্যক্তিগত সম্পদের বিস্তারিত বিবরণ জনসমক্ষে তুলে ধরতে যাচ্ছেন। এই পদক্ষেপকে প্রেসিডেন্টের প্রতি জনগণের আস্থা পুনরুদ্ধার প্রচেষ্টার অংশ হিসেবে দেখা হচ্ছে।প্রেসিডেন্ট ওলাঁদ তাঁর মন্ত্রিসভার সদস্যদের ওই বিবরণ দাখিলে গতকাল সোমবার পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছেন। দেশটির সাবেক বাজেটমন্ত্রী জেরম কজাকের অর্থ আত্মসাৎ কেলেঙ্কারির জেরে প্রেসিডেন্ট সব মন্ত্রীকে সম্পদের বিবরণ প্রকাশের ওই নির্দেশ দেন। জেরম কজাকের বিরুদ্ধে এক গোপন ব্যাংক হিসাবের মাধ্যমে কর ফাঁকির অভিযোগ আনা হয়েছে।কজাক কেলেঙ্কারির কারণে প্রেসিডেন্ট ওলাঁদের জনপ্রিয়তায় রাতারাতি ধস নামে। প্রেসিডেন্টের নির্দেশ অনুযায়ী, ফরাসি মন্ত্রিসভার ৩৭ সদস্যের প্রত্যেকে সরকারি ওয়েবসাইটে নিজ নিজ সম্পদের বিস্তারিত বিবরণ তুলে ধরতে যাচ্ছেন।প্যারিসে বিবিসির সংবাদদাতা হাগ শোফিল্ড বলেন, এই পদক্ষেপ দৃষ্টি আকর্ষক এবং সম্প্রতি রাজনীতি নিয়ে জনগণের যে মোহমুক্তি ঘটেছে, তা এতে কিছুটা হলেও দূর হবে।সাবেক মন্ত্রী জেরম কজাক চলতি মাসের শুরুর দিকে স্বীকার করেন, তিনি সুইস ব্যাংকে সাত লাখ ৭০ হাজার ডলারের ব্যক্তিগত একটি হিসাবের ব্যাপারে তথ্য গোপন করেছেন। এটি ক্ষমতাসীন সরকারকে বেশ বেকায়দায় ফেলে দেয়। বিবিসি।