মন্ত্রীদের স্বাধীনভাবে প্রচার চালাতে দেবেন ক্যামেরন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্যের ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) থাকা, না থাকা নিয়ে মন্ত্রীরা যেকোনো পক্ষে প্রচারণা চালাতে পারবেন। দেশটির প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন তাঁর মন্ত্রীদের এ বিষয়ে স্বাধীনতা দিয়েছেন। ইইউর সদস্যপদ নিয়ে প্রতিশ্রুত গণভোট সামনে রেখে ক্যামেরনের এ ঘোষণা এল। খবর এএফপির।
ডেভিড ক্যামেরন ইইউ থেকে কিছু সুবিধা ফেরত পাওয়ার শর্তে ইউরোপের ২৮টি দেশের এই জোটে যুক্তরাজ্যে থেকে যাওয়ার পক্ষে প্রচারণার কথা বলেছেন। কিন্তু তাঁর রক্ষণশীল দল কনজারভেটিভ পার্টির নেতাদের অনেকেই ইইউ থেকে বেরিয়ে যাওয়ার পক্ষে। এর মধ্যে কিছু মন্ত্রীও রয়েছেন।
বিবিসি ফাইভ লাইভ-এর বরাত দিয়ে গতকাল মঙ্গলবার প্রকাশিত এএফপির ওই খবরে বলা হয়, সংঘাত এড়াতে এবং মন্ত্রীদের পদত্যাগে বাধ্য করা ঠেকাতেই ক্যামেরন তাঁদের যেকোনো পক্ষে প্রচারণা চালানোর সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। গতকালই এ বিষয়ে তাঁর দপ্তরের আনুষ্ঠানিক বিবৃতি দেওয়ার কথা ছিল।
ক্যামেরন আগেই বলেছেন, ইইউতে যুক্তরাজ্যের থাকা না থাকা প্রশ্নে জনগণের মত জানতে ২০১৬ সালের মধ্যেই তিনি একটি গণভোট অনুষ্ঠান করতে চান। তবে তার আগে তিনি ইইউতে সংস্কার আনার যেসব দাবিদাওয়া তুলেছেন, সে বিষয়ে একটা জোটের নেতাদের সঙ্গে চূড়ান্ত চুক্তিতে পৌঁছাতে চান। বেলজিয়ামের ব্রাসেলসে ইইউর সদর দপ্তরে নেতাদের এক বৈঠক শেষে ক্যামেরন বলেছেন, আগামী ফেব্রুয়ারি মাসে ইইউর যে পরবর্তী সম্মেলন বসবে, সেখানেই এ বিষয়ে একটা যুগান্তকারী সিদ্ধান্ত আসতে পারে। সেটা হলে তিনি ব্রিটিশ ভোটারদের ইইউতে থেকে যাওয়ার পক্ষে উৎসাহিত করতে শুরু করবেন। ক্যামেরন বলেন, ‘আমি মনে করি, ২০১৬ হবে অর্জনের বছর। এ বছর আমরা অপরিহার্য এমন কিছু অর্জন করব, যাতে ইইউর সঙ্গে আমাদের সম্পর্ক মৌলিকভাবে বদলে যাবে। আমাদের সদস্যপদ নিয়ে ব্রিটিশ জনগণের উদ্বেগ প্রশমিত হবে। এরপর ব্রিটিশ জনগণই সিদ্ধান্ত নেবে, তারা থাকবে, না বিদায় জানাবে।’