
অন্তর্বর্তীকালীন সময়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নিয়ম মেনে চলবে যুক্তরাজ্য। ইইউ বহির্ভূত দেশের সঙ্গে বাণিজ্যচুক্তি করবে, তবে সেটি ইইউ’র অনুমতি সাপেক্ষে। গতকাল বুধবার প্রকাশিত অন্তর্বর্তীকালীন সম্পর্কের রূপরেখায় এমন মনোভাব ব্যক্ত করেছে থেরেসা মের সরকার।
এতে অন্তর্বর্তীকালীন সম্পর্কের মেয়াদও সুনির্দিষ্ট করা হয়নি, প্রয়োজনমতো অব্যাহত রাখার পক্ষে যুক্তি দেওয়া হয়েছে।
সরকারের এমন অবস্থানে বেজায় চটেছেন ব্রেক্সিটপন্থীরা (যারা ইইউ’র সঙ্গে বিচ্ছেদ চান)। নিজ দলে মের বিরুদ্ধে বিদ্রোহ আরও মাথাচাড়া দিয়েছে। এ নিয়ে মন্ত্রিসভার ফাটল সারাতে গতকাল বৃহস্পতিবার মন্ত্রীদের নিয়ে বিশেষ বৈঠকে বসেন মে।
অন্তর্বর্তীকালীন সময়ে যুক্তরাজ্য কেমন সম্পর্ক চায় তা নিয়ে অবস্থান খোলসা না করায় এত দিন সব পক্ষ থেকেই তীব্র সমালোচনার শিকার হচ্ছিলেন থেরেসা মে। এই রূপরেখা প্রকাশের আগেই ক্ষমতাসীন কনজারভেটিভ দলীয় ‘ইউরোপিয়ান রিসার্চ গ্রুপ’ এর ব্যানারে ৬২ জন এমপি পূর্ণ বিচ্ছেদ কার্যকরের পক্ষে নিজেদের দাবি তুলে ধরে প্রধানমন্ত্রীর কাছে চিঠি দেন। ঝুলন্ত সংসদের নেতৃত্ব ধরে রাখতে নিজ দলের এসব এমপির সমর্থন থেরেসার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
প্রকাশিত রূপরেখায় এসব এমপি বেশ ক্ষোভ প্রকাশ করেছেন। ‘ইউরোপিয়ান রিসার্চ গ্রুপ’ এর প্রধান জ্যাকব রিচ-মগ বলেন, অনন্তকালের অন্তর্বর্তী সম্পর্কের পথে পা বাড়িয়েছেন থেরেসা মে। এতে কেবল নামের ব্রেক্সিট হবে। যুক্তরাজ্য ইইউ’র আজ্ঞাবহ দেশে (ভ্যাসেল স্টেট) পরিণত হবে বলেও তাঁর আশঙ্কা। পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসনসহ ব্রেক্সিটপন্থী হিসেবে পরিচিত মন্ত্রীদের সঙ্গে পরামর্শ না করেই বুধবারে ওই রূপরেখা প্রকাশ করা হয়েছে বলে অভিযোগ আছে।
২০১৯ সালের ২৯ মার্চ ব্রেক্সিট কার্যকর হবে বলে দিনক্ষণ ঠিক করে থেরেসা মে’র সরকার। রাতারাতি যাতে জনজীবনে এর নেতিবাচক প্রভাব না পড়ে এবং নতুন করে বাণিজ্য সম্পর্ক স্থাপনে যাতে সুযোগ পাওয়া যায় সে জন্য একটি নির্দিষ্ট সময় পর্যন্ত অন্তর্বর্তী ব্যবস্থা চালু রাখার প্রয়োজনীয়তার ব্যাপারে সম্মত আছে উভয় পক্ষ।
বিচ্ছেদের কারণে ইইউর শুল্কমুক্ত বাজারের সুবিধা হারাবে যুক্তরাজ্য। এতে যুক্তরাজ্যের অর্থনীতিতে ধস নামতে পারে বলে আশঙ্কা। তাই বাড়ির কাছের এত বিশাল বাজারের সঙ্গে যুক্তরাজ্যের ভবিষ্যৎ বাণিজ্য সম্পর্ক নির্ধারণই বড় চ্যালেঞ্জ। নানামুখী জটিলতায় এ নিয়ে এখনো আলোচনাই শুরু করা যায়নি।
ইতিপূর্বে ইইউ’র পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় যে, ২০২০ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে অন্তর্বর্তীকালীন ব্যবস্থার মেয়াদ শেষ হতে হবে। এই সময়ে যুক্তরাজ্যকে ইইউ নাগরিকদের মুক্ত চলাচলের অধিকার দেওয়াসহ ইইউ’র নিয়ম সম্পূর্ণ মেনে চলতে হবে। কিন্তু যুক্তরাজ্য এ সময়ে ইইউ’র নীতি নির্ধারণী টেবিলে বসতে পারবে না।
তখন যুক্তরাজ্যের পক্ষ থেকে ইইউ নাগরিকদের মুক্ত প্রবেশের অধিকার এবং ইইউ’র প্রণীত নতুন আইন মানার বিষয়ে তীব্র মনোভাব দেখানো হয়। বলা হয়েছিল, অন্তর্বর্তীকালীন সময়ে যুক্তরাজ্য বিভিন্ন দেশের সঙ্গে স্বাধীনভাবে বাণিজ্য চুক্তি সম্পাদন শুরু করবে, যা ইইউ’র কাস্টমস ইউনিয়নের নীতিবিরুদ্ধ। কিন্তু বুধবার প্রকাশিত রূপরেখায় যুক্তরাজ্যের সেই তেজ নেই বললেই চলে।
তবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর কার্যালয় দাবি করেছে, অন্তর্বর্তী সময়ে আসা ইইউ অভিবাসীরা আগের মতো সমান সুবিধা পাবেন না-এ ব্যাপারে সরকারের অবস্থান অটল আছে। অন্তর্বর্তী সময়ের মেয়াদ পূর্বে ঘোষিত দুই বছরই ঠিক থাকবে বলে দাবি করা হয়। বলা হয়, রূপরেখায় বিস্তারিত না থাকলেও সমঝোতার টেবিলে এসব নির্ধারিত হবে।