মমতা তৃণমূলের চেয়ারপারসন পুনর্নির্বাচিত
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস দলের চেয়ারপারসন পুনর্নির্বাচিত হয়েছেন। গত বুধবার কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে আয়োজিত দলীয় সম্মেলনে তাঁকে চেয়ারপারসন করা হয়।চেয়ারপারসন হওয়ার পর মমতা দলীয় কর্মীদের উদ্দেশে বলেন, ‘তৃণমূলের নেতা-কর্মীরা সিন্ডিকেট বা প্রোমোটারি ব্যবসায়ের সঙ্গে যুক্ত হলে তাঁরা দলের কোনো পদে থাকতে পারবেন না।’মন্ত্রীদের উদ্দেশে মমতা বলেন, ‘মন্ত্রিত্ব মানে টাকা কামানো নয়; কাজ করা। আমি এমন দল তৈরি করব, সারা বিশ্ব এই দলের দিকে তাকিয়ে থাকবে।’ সিপিএমেকে আক্রমণ করে তিনি আরও বলেন, ‘সিপিএমের মতো দুর্নীতি ও স্বজন পোষণ করব না। আমরা টাকার জন্য রাজনীতি করি না। আমি সরকার থেকে বেতন নিই না। নিজের খরচা নিজেই চালাই। নির্বাচনের আগে যেসব প্রতিশ্রুতি দিয়েছিলাম, প্রতিটি প্রতিশ্রুতি পালন করব।’মমতা বলেন, ‘ক্ষমতা গ্রহণের পাঁচ মাসের মধ্যে যে কাজ করেছি, ৩৪ বছরেও সিপিএম তা করতে পারেনি। কলকাতাকে আমরা লন্ডন বানাব।’ তিনি আরও বলেন, তৃণমূলকে এবার জাতীয় দলের মর্যাদায় তুলতে হবে।মুখ্যমন্ত্রী বলেন, ‘ত্রিপুরা, অরুণাচল ও মণিপুর বিধানসভা নির্বাচনে তৃণমূল জিতবে। চারটি রাজ্যে জিতলেই আমরা জাতীয় দল হিসাবে স্বীকৃতি পাব।’