মমতা পারবেন পাহাড় ডিঙাতে?
পশ্চিমবঙ্গের একমাত্র পাহাড়ি জেলা দার্জিলিং। এই জেলাকে নিয়েই লোকসভার একটি আসন। এই আসন জয় করা নিয়ে এখন তীব্র লড়াই শুরু হয়েছে মমতার তৃণমূল কংগ্রেসের সঙ্গে বিজেপি। পিছিয়ে নেই সিপিএম এবং নির্দলীয় প্রার্থীও।
মমতা এই আসন জয় করার জন্য মাঠে নামিয়েছেন প্রখ্যাত ফুটবলার ও ভারতের জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক বাইচুং ভুটিয়াকে। বিজেপি নামিয়েছেন সুরিন্দর সিং আলুওয়ালিয়াকে। আর সিপিএম থেকে লড়ছেন সমন পাঠক, কংগ্রেস থেকে সুজয় ঘটক। তাঁদের সঙ্গে টেক্কা দিতে মাঠে নেমেছেন এক শক্তিশালী স্বতন্ত্র প্রার্থী মহেন্দ্র পি লামা। সুতরাং কে জিতবেন এই আসন—তাই নিয়ে রাজনৈতিক মহলে বিতর্কের অভাব নেই। পশ্চিমবঙ্গে লোকসভা নির্বাচনের প্রথম দিনে ১৭ এপ্রিল নির্বাচন হবে দার্জিলিং আসনে।
শুক্রবার উত্তর দিনাজপুরের ইসলামপুরে এক নির্বাচনী জনসভায় মমতা বলেছেন, ‘আগে ভাবতাম আমরা ৩৫টি আসনে জিতব। এখন দেখছি আমরা ৪২টি আসনেই জিততে চলেছি।’
পশ্চিমবঙ্গে লোকসভার আসন রয়েছে ৪২টি। অথচ, কদিন আগে কলকাতার এক সংবাদপত্র তৃণমূলের অভ্যন্তরের নির্বাচনের হালহকিকত নিয়ে প্রকাশিত এক প্রতিবেদনে বলেছিল, তৃণমূল নয়টি আসনও না-ও পেতে পারে। এই নয়টি আসনের মধ্যে দার্জিলিং ছিল না। আবার রাজনৈতিক পর্যবেক্ষকেরাও আভাস দিয়েছেন, তৃণমূলের হাওয়া যত জোরেই বয়ে যাক না, দুটি আসনে তা কিছুই করতে পারবে না। এক বহরমপুর আর দুই দার্জিলিং। কারণ, দার্জিলিংয়ে এখনো শেষ কথা বলে গোর্খা জনমুক্তি মোর্চা আর বহরমপুরে অধীর চৌধুরী। মমতা এসব জেনেই এবার দার্জিলিংয়ে প্রার্থী করেছেন ফুটবলার বাইচুংকে।
গোর্খা জনমুক্তি মোর্চাকে বাগে আনতে এবং পৃথক গোর্খাল্যান্ড রাজ্য গড়ার আন্দোলন স্তিমিত করে দিতে মমতা ক্ষমতায় যাওয়ার পর গড়ে দিয়েছিলেন গোর্খাল্যান্ড টেরিটরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন বা জিটিএ। তিনি মনে করেছিলেন, এতে করে গোর্খা জনমুক্তি মোর্চাকে পাশে পাবেন। সেই লক্ষ্যে দার্জিলিং আসন নিজের দলের পকেটে নেওয়ার জন্য জনমুক্তি মোর্চার সঙ্গে আলাপ না করেই বাইচুং ভুটিয়াকে প্রার্থী করে দিয়েছেন। কিন্তু এতে ক্ষুব্ধ হয় জনমুক্তি মোর্চা। জনমুক্তি মোর্চা মনে করে, এবারে নির্বাচনে জিতে কেন্দ্রের ক্ষমতায় যাচ্ছে বিজেপি। সুতরাং বিজেপির হাত ধরলে আখেরে পৃথক গোর্খাল্যান্ড রাজ্য গড়ার দাবিকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে। এই আশা নিয়ে তারা সমর্থন জানিয়েছে বিজেপির প্রার্থী সুরিন্দর সিং আলুওয়ালিয়াকে।
কিন্তু কী ঘটবে এবারের নির্বাচনে? ২০০৯ সালের নির্বাচনে এই আসনে জনমুক্তি মোর্চার সমর্থনে বিজেপির প্রার্থী যশোবন্ত সিনহা জিতেছিলেন দুই লাখ ৫৩ হাজার ২৮৯ ভোটে। দ্বিতীয় স্থানে ছিলেন সিপিএমের প্রার্থী জীবেশ সরকার। পেয়েছিলেন দুই লাখ ৪৪ হাজার ৩৬০ ভোট। তৃতীয় ছিলেন কংগ্রেস প্রার্থী দাওয়া নরবুলা। এবারও এই আসনে জনমত সমীক্ষায় এগিয়ে রয়েছে বিজেপি।
তবে বাইচুংও চষে বেড়াচ্ছেন পাহাড়ের অলিগলি। তিনি মনে করছেন, জয় তাঁরই হবে। তবে গোর্খা জনমুক্তি মোর্চার সুপ্রিমো বিমল গুরুং বলেই দিয়েছেন, এবারও তাঁরা বিপুল ভোটে জিততে চলেছেন। তাঁদের প্রার্থী না জিতলে তিনি জনমুক্তি মোর্চার প্রধানের পদই ছেড়ে দেবেন। তাই রাজনৈতিক পর্যবেক্ষকেরা এখনই এই আসনটি তৃণমূলকে ছেড়ে দিতে রাজি নন। তাঁরা মনে করছেন, দার্জিলিং আসন জেতা মমতার পক্ষে সহজ না-ও হতে পারে।