মমতা ভীষণ লোভী: মোদি

ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদি তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জিকে ‘ভীষণ লোভী নেত্রী’ বলে আখ্যায়িত করেছেন। তিনি বলেছেন, ‘মমতা ভীষণ লোভী এক নেত্রী। তিনি বামদের পথে হাঁটছেন।’
আজ রোববার রাতে পশ্চিমবঙ্গের হুগলি জেলার শ্রীরামপুরে এক নির্বাচনী জনসভায় এ কথা বলেন মোদি। জনসাধারণের উদ্দেশে মোদি বলেন, ‘কংগ্রেস, বাম ও তৃণমূল চক্রের বাইরে যেতে হবে বাংলাকে। আমার সঙ্গে থাকুন। আমি আপনাদের স্বরাজ দেব।’
মোদি বলেন, বিজেপি ক্ষমতায় গেলে পশ্চিমবঙ্গের চাঞ্চল্যকর সারদা কেলেঙ্কারির সঠিক তদন্ত করা হবে। দোষীদের কাউকে ছাড়া হবে না।শ্রীরামপুর আসনের বিজেপি প্রার্থী সংগীতশিল্পী বাপ্পী লাহিড়ি। মোদি বাপ্পী লাহিড়ির সমর্থনে আজ রাত পৌনে আটটার দিকে শ্রীরামপুরে যান। শ্রীরামপুর স্টেডিয়ামে আয়োজিত এক বিশাল জনসভায় ভাষণ দেন তিনি।
মোদি বলেন, ‘এবারের নির্বাচনে রাজনীতির পণ্ডিতদের হিসাব ভুল প্রমাণিত হবে। এই নির্বাচন কোনো অঙ্ক নয়। এই নির্বাচন মানুষের মনের রসায়ন। মানুষই ঠিক করবে।’ তিনি আরও বলেন, ‘পশ্চিমবঙ্গ আমার কছে এক তীর্থভূমি’। এ সময় মোদি বলেন, ‘কেন মমতার আঁঁকা একটি ছবি এক কোটি ৮০ লাখ রুপিতে কেনা হলো?’
বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী বলেন, গরিবদের সারদার টাকা ফিরিয়ে দিতেই হবে। মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করে বলেন, ‘কোথায় গেল আপনার মমতা? কোথায় গেল সারদার টাকা? মা সারদাকে কিভাবে চিটফান্ড বানালেন? অনেক আশা নিয়ে এই রাজ্যের মানুষ আপনাকে ক্ষমতায় বসিয়েছে, আপনি তাঁদের স্বপ্ন চুরমার করে দিয়েছেন। বিজেপি ক্ষমতায় যাওয়ার পর সারদা কান্ডের সঠিক তদন্ত হবে। দোষী কাউকে রেহাই দেওয়া হবে না।’
মোদি বলেন, পুলিশকে দিয়ে মিথ্যে মামলায় জড়িয়ে জনপ্রিয় হওয়া যায় না। রাজ্যবাসী এবার তার জবাব দেবে। তিনি বলেন, এত বছরে বামরা যা ক্ষতি করেছে, মমতা কয়েক বছরে তার থেকে বেশি ক্ষতি করেছে।
জনসভায় বাপ্পী লাহিড়ি শ্রীরামপুরে পদ্ম ফুল ফোটানোর আহ্বান জানিয়ে বলেন, ‘আপনারা মোদিজিকে জেতান। আমি আপনাদের সঙ্গে আছি এবং থাকব।’