মমতা-মোদি ঝড়ে বিধ্বস্ত বামফ্রন্ট
বামফ্রন্ট স্বপ্নেও ভাবেনি এবার লোকসভা নির্বাচনে মমতা-মোদি ঝড়ে তাদের অস্তিত্ব বিপন্ন হওয়ার মুখে পড়বে।১২ মে লোকসভা নির্বাচনের শেষ পর্বের ভোট গ্রহণের পর ভারতের বিভিন্ন সংবাদ সংস্থা ও সংবাদমাধ্যম তাদের বুথ-ফেরত সমীক্ষায় ইঙ্গিত দিয়েছিল, পশ্চিমবঙ্গে বামফ্রন্ট ৭ থেকে ২০টি আসন পেতে পারে।কিন্তু ভোটের ফল ঘোষণার পর দেখা গেল ভিন্নচিত্র।উল্টে গেল সব হিসাব-নিকাশ।
এবারের নির্বাচনে বামফ্রন্ট জিতেছে মাত্র ২টি আসনে।একটি উত্তর দিনাজপুরের রায়গঞ্জ ও অন্যটি মুর্শিদাবাদ।রায়গঞ্জে জিতেছেন সিপিএমের মহম্মদ সেলিম আর মুর্শিদাবাদে বদরুদ্দোজা খান।
এই ফলাফল ঘোষণার পর তীব্র হতাশা ছড়িয়ে পড়ে বামফ্রন্টের নেতা-কর্মীদের মাঝে।তাঁদের কাছে এই ফলাফল যেন বিনা মেঘে বজ্রপাতের মতো।তাঁরা এখনো মেনে নিতে পারেননি ফলাফল।
দলের কেন্দ্রীয় সম্পাদক প্রকাশ কারাত আজ শুক্রবার দিল্লিতে এক সংবাদ সম্মেলনে বামফ্রন্টের পরাজয়ের জন্য পশ্চিমবঙ্গে ব্যাপক সন্ত্রাস ও কারচুপিকে দায়ী করেছেন।
পশ্চিমবঙ্গে বামফ্রন্ট ক্ষমতায় আসে ১৯৭৭ সালে তত্কালীন কংগ্রেস সরকারকে পরাজিত করে।তারপর যতগুলো লোকসভা নির্বাচন এবং লোকসভার অন্তর্বর্তী নির্বাচন হয়েছে, তার সব কটিতেই বামফ্রন্ট ভালো ফলাফল করেছে।এর মধ্যে গত ২০০৯ সালে মমতা-ঝড়ে খারাপ ফলাফল করলেও তারা ১৫টি আসন পায়।মমতার তৃণমূল কংগ্রেস পায় ১৯টি আসন।কিন্তু এবার মাত্র ২টি আসন পাওয়ায় হতবাক বামফ্রন্টের নেতারা।
রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, একদিকে মমতা হাওয়া আর অন্যদিকে মোদি হাওয়াই মূলত বামফ্রন্টকে পর্যুদস্ত করেছে।১৯৭৭ সালের নির্বাচনে বামফ্রন্ট পেয়েছিল ২৩ আসন আর অবিভক্ত কংগ্রেস পেয়েছিল ৩টি আসন।১৯৮০ সালে বামফ্রন্ট ৩৮, কংগ্রেস ৪; ১৯৮৪ সালে বামফ্রন্ট ২৬, কংগ্রেস ১৬; ১৯৮৯ সালে বামফ্রন্ট ৩৭, কংগ্রেস ৪; ১৯৯১ সালে বামফ্রন্ট ৩৭, কংগ্রেস ৫; ১৯৯৬ সালে বামফ্রন্ট ৩৩, কংগ্রেস ৯; ১৯৯৮ সালে বামফ্রন্ট ৩৩, কংগ্রেস ১, বিজেপি ১ এবং তৃণমূল কংগ্রেস ৭টি আসনে জয়লাভ করে।ওই বছরই কংগ্রেস ভেঙে তৃণমূল গঠন হওয়ার পর মমতা প্রথম লোকসভা নির্বাচনে অংশ নেন।১৯৯৯ সালে বামফ্রন্ট ৩৩, কংগ্রেস ১, বিজেপি ১ এবং তৃণমূল কংগ্রেস ৭টি আসনে জয়লাভ করে।আর ২০০৪ সালে বামফ্রন্ট ৩৫, কংগ্রেস ৬ এবং তৃণমূল মাত্র ১টি আসনে জয়লাভ করে।সেই আসনটি ছিল অবশ্য মমতা বন্দ্যোপাধ্যায়ের।কিন্তু এবার নির্বাচনের ফলাফল সব হিসাব-নিকাশ উল্টে দিয়েছে।তবে এর পরও বামপন্থীরা মানুষের পাশে থাকার প্রত্যয় ঘোষণা করে বলেছেন, তাঁরা আগেও মানুষের কথা বলেছেন, মানুষের পাশে থেকেছেন; এখনো তাঁরা মানুষের কথা বলবেন, মানুষের পাশে থাকবেন।প্রতিটি গণ-আন্দোলনে মানুষকে সঙ্গে নিয়ে আন্দোলনে শামিল হবেন।