
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সারদা গ্রুপ থেকে সবচেয়ে বেশি সুবিধা নিয়েছেন৷ তিনিই সারদা থেকে প্রথম সুবিধাভোগী ব্যক্তি৷
চাঞ্চল্যকর সারদা অর্থ কেলেঙ্কারি মামলার অন্যতম আসামি তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত সাংসদ কুণাল ঘোষ সিবিআইকে লেখা একটি চিঠিতে এমন অভিযোগ করেছেন৷ গতকাল রোববার পশ্চিমবঙ্গের একটি চ্যানেল ওই চিঠির বিষয়টি ফাঁস করে দেয়৷
কারাবন্দী কুণাল ৯১ পাতার ওই চিঠিটি লিখেন৷ কারা কর্তৃপক্ষের মাধ্যমে সিবিআইয়ের পাশাপাশি চিঠিটি তিনি সারদা-কাণ্ডের তদন্তে নিযুক্ত ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডিকেও দিয়েছেন৷
চিঠিতে কুণাল সারদা-কাণ্ডের সঙ্গে কারা জড়িত, কে সারদার কর্ণধার সুদীপ্ত সেনের কাছ থেকে আর্থিক সুবিধা পেয়েছেন ইত্যাদি বিস্তারিত উল্লেখ করেছেন৷ চিঠিতে তিনি নিজের প্রাণহানির আশঙ্কার কথাও জানান৷
কলকাতার একটি সংবাদ চ্যানেল গতকাল চিঠির বিষয়টি ফাঁস করে দেয়৷ চিঠির উদ্ধৃতি িদয়ে চ্যানেলটি জানায়, সারদা গোষ্ঠীকে ব্যবহার করে মুখ্যমন্ত্রী যতটা সুযোগ-সুবিধা নিয়েছেন, অন্য কেউ তা নেননি৷
চিঠিতে কুণাল দাবি করেন, ২০১১ সালে বিধানসভা নির্বাচনে তৃণমূলের জয়ের পেছনে সারদার অবদান ছিল৷ তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সম্পাদক মুকুল রায়ই সারদা গোষ্ঠীর উত্থান-পতনের সঙ্গে জড়িত৷ এর পেছনে মন্ত্রী মদন মিত্রও ছিলেন৷
কুণাল দাবি করেন, সারদার কর্ণধার সুদীপ্ত সেন গ্রেপ্তার হওয়ার পর যে ১৮ পাতার একটি চিঠি সিবিআইকে দিয়েছিলেন, তা তাঁর লেখা নয়৷ ওই চিঠিটি লিখেছেন মুকুল রায়৷
পশ্চিমবঙ্গের বেসরকারি অর্থ লগ্নিকারী সংস্থা সারদা সাধারণ মানুষের কাছ থেকে অধিক সুদের লোভ দেখিয়ে হাজার হাজার কোটি টাকা তোলে৷ কিনে নেয় বিভিন্ন ভাষার ১০টি সংবাদপত্র ও টেলিভিশন চ্যানেল৷
ওই সব সংবাদপত্র ও টিভির কর্মচারীদের বেতন বন্ধ হয়ে গেলে গত বছরের শুরুর দিকে সারদার কেলেঙ্কারি ফাঁস হতে থাকে৷ গত বছরের এপ্রিলে সারদার কর্ণধার সুদীপ্ত পালিয়ে যান৷ পুলিশ পরে তাঁকে গ্রেপ্তার করে৷