মমতাকে কটাক্ষ করায় বিধানসভায় হট্টগোল
পশ্চিমবঙ্গ বিধানসভায় গত শনিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর মন্ত্রীদের কটাক্ষ করায় অধিবেশন উত্তপ্ত হয়ে ওঠে। ফরোয়ার্ড ব্লকের বিধায়ক আলি ইমরান বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতাকে ইঙ্গিত করে বলেন, ‘চাপরাশি থেকে মুখ্যমন্ত্রী—সব কাজ চালাচ্ছেন একজনই।’ তিনি বলেন, ‘রাজ্যে একটি পোস্ট, বাকি সব ল্যাম্পপোস্ট। মুখ্যমন্ত্রীই সব দপ্তর চালাচ্ছেন, বাকি মন্ত্রীরা বার্ড ফ্লু আক্রান্ত মুরগির মতো ঝিমাচ্ছেন।’ইমরানের এ মন্তব্যের পর ক্ষমতাসীন দল তৃণমূলের বিধায়কেরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। তাঁরা বিরোধী দলের বিধায়কদের সঙ্গে তর্কে লিপ্ত হন। শুরু হয় হট্টগোল। হট্টগোলের একপর্যায়ে বিধানসভার কার্যক্রম বন্ধ হয়ে যায়। পরে স্পিকার বিমান মুখোপাধ্যায় হস্তক্ষেপ করেন। তিনি ‘চাপরাশি’ শব্দটি বাতিল করেন ও ওই বিধায়ককে সতর্ক করে দেন। স্পিকার বলেন, ‘বিধায়কদের ভাষা ব্যবহারে সংযত হওয়া উচিত।’