মমতাকে প্রধানমন্ত্রী করার দাবি
পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের মাইনরিটি সেল আসন্ন লোকসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভারতের প্রধানমন্ত্রী প্রার্থী করার দাবি তুলেছে। গত সোমবার কলকাতা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এই দাবি তোলা হয়।
কলকাতার টিপু সুলতান মসজিদের শাহি ইমাম নুরুর রহমান বরকতি সংবাদ সম্মেলনে বলেন, ভারতের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতে চান। মমতার সততা প্রশ্নাতীত। পশ্চিমবঙ্গ তথা গোটা ভারতে এখন জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন মমতা। তাঁকে সামনে রেখে আসন্ন লোকসভা নির্বাচনে লড়লে জয় নিশ্চিত।
সংবাদ সম্মেলনে বিজেপির প্রধানমন্ত্রী প্রার্থী নরেন্দ্র মোদির কড়া সমালোচনা করেন নুরুর রহমান। তিনি বলেন, পশ্চিমবঙ্গের মানুষ এখন আর বিজেপি, কংগ্রেস বা বাম দলকে চায় না। মানবদরদি, সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক হিসেবে মমতার কোনো বিকল্প নেই। রাজ্যবাসী মমতাকেই চায়।
মমতাকে প্রধানমন্ত্রী করার মাইনরিটি সেলের দাবির সমর্থনে আজ বুধবার কলকাতার রাজাবাজারে এই সংগঠনের ডাকে সমাবেশের আয়োজন করা হচ্ছে।