মমতাকে প্রধানমন্ত্রী করার স্বপ্ন তৃণমূলের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিজেপির প্রবীণ নেতা লালকৃষ্ণ আদভানির একটি মন্তব্য ঘিরে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রী করার স্বপ্ন দেখতে শুরু করেছে তৃণমূল কংগ্রেস। গত রোববার আদভানি নিজের ব্লগে লিখেছেন, আগামী নির্বাচনে এমন হওয়া ’সম্ভব’ যে প্রধানমন্ত্রী হলেন কংগ্রেস বা বিজেপির বাইরের কেউ। তবে সেই সরকারে সমর্থন থাকতে হবে কংগ্রেস বা বিজেপির। আদভানির এই মন্তব্যের পর তৃণমূল কংগ্রেসের নেতারা মমতাকে প্রধানমন্ত্রী করার স্বপ্ন দেখতে শুরু করেছেন। লোকসভায় তৃণমূল কংগ্রেসের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় সোমবার বলেন, তাঁদের দল আগামী লোকসভা নির্বাচনে এককভাবে লড়বে। লক্ষ্য, পশ্চিমবঙ্গের ৪২টি আসনই দখল করা। তিনি এ-ও বলেন, ‘প্রধানমন্ত্রী হওয়ার সমস্ত যোগ্যতা রয়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতার। বর্তমানে দেশে স্বচ্ছ ও সত্ ভাবমূর্তি আছে এমন তালিকার শীর্ষে রয়েছেন মমতা। এমন একজন ব্যক্তিরই প্রধানমন্ত্রী হওয়া উচিত।’