মমতাকে ফোন করে সমর্থন চাইলেন জয়ললিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কংগ্রেসের তালিকা ঘিরে বিতর্ক, ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি) অন্য দলের নেতাদের যোগদান, জোট গঠন ঘিরে শীর্ষ নেতৃত্বে অসন্তোষ এবং প্রধানমন্ত্রী পদে সমর্থন চেয়ে তামিল নেত্রী জয়ললিতার মমতা ব্যানার্জিকে ফোন—ভারতের নির্বাচনী চিত্রে আজ শুক্রবারের আকর্ষণ ছিল এগুলো। তবে এর মধ্যে সবচেয়ে নাটকীয় বিষয় ছিল মমতাকে জয়ললিতার ফোন। 

জয়ললিতা আজ একেবারে আচমকা ফোন করেন মমতা ব্যানার্জিকে। গতকাল বৃহস্পতিবার রাতে একটি সর্বভারতীয় টিভি চ্যানেলে তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জির এক সাক্ষাত্কার সম্প্রচারিত হয়। তাতে তিনি বলেন, প্রধানমন্ত্রী হতে তিনি আগ্রহী নন। বরং জয়ললিতা বা মায়াবতীরা হতে চাইলে সমর্থন দেবেন। কাকতালীয়ভাবে ওই দিন রাতেই কমিউনিস্টদের সঙ্গে প্রস্তাবিত আসন সমঝোতা থেকে জয়ললিতা বেরিয়ে আসেন। এরপর আজ চেন্নাই থেকে কলকাতায় মমতাকে ফোন করেন জয়ললিতা। এ সময় প্রধানমন্ত্রী পদে তাঁর আগ্রহের কথা জানান।

তৃণমূল সূত্রে খবর, মমতা তাঁকে সমর্থনের কথা জানিয়েছেন। কমিউনিস্টদের ত্যাগ করার জন্য জয়ললিতাকে অভিনন্দন জানিয়েছেন। তৃণমূলের পক্ষ থেকে বলা হয়, দিল্লির সাত লোকসভা আসনেই তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবে। প্রার্থীদের নাম ১২ মার্চ আন্না হাজারে ও মমতা একযোগে ঘোষণা করবেন দিল্লির রামলীলা ময়দানে জনসভা করে।

কংগ্রেসের সভাপতি সোনিয়া গান্ধী, সহ-সভাপতি রাহুল গান্ধীসহ শীর্ষ নেতারা সকাল থেকে বিভিন্ন রাজ্যের প্রার্থী-তালিকা চূড়ান্ত করতে বৈঠকে বসেন। ঠিক ছিল বিকেল কিংবা সন্ধ্যা নাগাদ পশ্চিমবঙ্গসহ প্রথম কিস্তির তালিকা ঘোষণা করা হবে। কিন্তু সন্ধ্যা পর্যন্ত তালিকা ঘিরে অনিশ্চয়তা ও বিতর্ক চলে। বিতর্ক তিনটি নাম ঘিরে, যাঁদের বিরুদ্ধে দুর্নীতির ঘোরতর অভিযোগে সরকার ও দল ব্যবস্থা নিতে বাধ্য হয়েছিল। তাঁরা হলেন অশোক চৌহান, পবন বনসল ও সুরেশ কালমাডি। অশোক ও সুরেশ মহারাষ্ট্র কংগ্রেসের নেতা। আদর্শ হাউজিং কেলেঙ্কারি জানাজানি হওয়ার সময় অশোক ছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী। তাঁকে ইস্তফা দিতে হয়। সুরেশ কালমাডিকে জেলে যেতে হয় কমনওয়েলথ গেমস কেলেঙ্কারির দরুন। আর পবন বনসল ছিলেন রেলমন্ত্রী। তাঁর ভাগনে তাঁর নাম ভাঙিয়ে দুর্নীতি করায় বনসলের চাকরি যায়। কংগ্রেসের প্রাথমিক তালিকায় ওই তিনজনের নাম থাকায় দল ও দলের বাইরে বিতর্ক শুরু হয়। তালিকা প্রকাশে দেরি হওয়ারও কারণ ছিল সেটি।

তবে পশ্চিমবঙ্গের তালিকা মোটামুটি চূড়ান্ত। দলের যে ছয়জন সাংসদ রয়েছেন, তাঁদের প্রত্যেককেই নিজ নিজ কেন্দ্র থেকে লড়তে হবে। কারও কেন্দ্র বদল হবে না। এর বাইরে তৃণমূল ছেড়ে কংগ্রেসে ফেরা প্রবীণ পোড় খাওয়া নেতা সাবেক প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র লড়বেন কলকাতা (উত্তর) থেকে। ভারতের সাবেক ক্রিকেট অধিনায়ক আজহারউদ্দিন রাজি হলে খুব সম্ভবত এবার পশ্চিমবঙ্গের কৃষ্ণনগর বা বশিরহাট কেন্দ্র থেকে দাঁড়াবেন। গত নির্বাচনে তিনি উত্তর প্রদেশের মোরাদাবাদ থেকে জিতেছিলেন।

কংগ্রেসের তুলনায় বিজেপির হাল তুলনামূলকভাবে ভালো হলেও বিতর্ক সেখানেও দানা বেঁধেছে। সম্প্রতি কংগ্রেস ছেড়ে বিজেপিতে যাওয়ার ধুম লেগেছে। হরিয়ানার কংগ্রেস সাংসদ রাও ইন্দরজিত্ সিং কয়েক দিন আগে বিজেপিতে যোগ দিয়েছেন। আজ কংগ্রেস ছাড়লেন উত্তর প্রদেশের ডুমুরিয়াগঞ্জের লোকসভা সাংসদ জগদম্বিকা পাল। জগদম্বিকা ১৯৯৮ সালে মাত্র তিন দিনের জন্য উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী হয়েছিলেন। তাঁর অভিযোগ, দলে তাঁদের কথা শোনার মতো কেউ নেই! শোনা যাচ্ছে তিনিও শিগগির বিজেপিতে যোগ দেবেন।

বিজেপিতে অসন্তোষ শুরু হয়েছে বাছবিচার না করে দলত্যাগীদের বিজেপিতে যোগদানকে কেন্দ্র করে। প্রবীণ নেত্রী সুষমা স্বরাজ প্রবল আপত্তি জানিয়েছেন হরিয়ানার সাবেক কংগ্রেস নেতা বিনোদ শর্মা ও কর্ণাটকের সাবেক কংগ্রেসি শ্রীরামালুকে দলে নেওয়ার ব্যাপারে। টুইট করা ছাড়াও তিনি চিঠি লিখেছেন খোদ সভাপতি রাজনাথ সিংকে।  লালকৃষ্ণ আদবানির বাড়িতে রাজনাথ, সুষমা ও অরুণ জেটলি এই বিষয়ে আলোচনা করেন। সুষমার বক্তব্য, সুসময় দেখে বন্যার জলের মতো দলে লোক ঢোকানো অনুচিত। সুষমার প্রবল আপত্তি বিনোদ শর্মাকে নিয়ে। তাঁর ছেলে মনু শর্মা খুনের মামলায় জেল খাটছেন। জেসিকা লাল নামে এক মডেলকে তিনি মদ না-দেওয়ার অপরাধে দিল্লিতে গুলি করে হত্যা করেছিলেন। বিনোদ শর্মা অবশ্য সরাসরি বিজেপিতে যোগ দেননি। তিনি হরিয়ানার সাবেক কংগ্রেসি মুখ্যমন্ত্রী ভজনলালের ছেলের দল হরিয়ানা জনহিত কংগ্রেসে যোগ দিয়েছেন। এই দলের সঙ্গে বিজেপির আঁতাত রয়েছে।