মমতাকে সারদা মায়ের সঙ্গে তুলনা
মমতা বন্দ্যোপাধ্যায়কে সারদা মায়ের সঙ্গে তুলনা করেছেন পশ্চিমবঙ্গের ক্রীড়ামন্ত্রী ও তৃণমূল নেতা মদন মিত্র। গতকাল রোববার বিকেলে বীরভূমের লোকসভা আসনের দলীয় প্রার্থী অনুপম হাজরার পক্ষে নির্বাচনী প্রচারে গিয়ে কেতু গ্রামের এক সমাবেশে তিনি এই তুলনা করেন।
মদন মিত্র বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় সারদা মায়ের প্রতীক। সারদা মা হলেন শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের সহধর্মিণী। পশ্চিমবঙ্গের চাঞ্চল্যকর অর্থ কেলেঙ্কারি সারদা-কাণ্ডে প্রতারিত মানুষদের টাকা পাইয়ে দেওয়ার ব্যবস্থা করেছেন মমতা বন্দোপাধ্যায়। তাই তিনি সারদা মায়ের সমান। আর আজ তাঁকেই কিনা খুনের চক্রান্ত করা হচ্ছে।’
নির্বাচনী প্রচারণায় মদন মিত্র বলেন, ‘আমরা যদি মনে করি, সিপিএমকে পশ্চিমবঙ্গ থেকে নিশ্চিহ্ন করতে পাঁচ মিনিটও সময় লাগবে না। কিন্তু তৃণমূল গণতন্ত্রে বিশ্বাস করে বলেই তা করে না।’ জনগণের উদ্দেশে তিনি বলেন, এবারের ভোটে এমনভাবে বোতাম টিপুন, যাতে ৫০ বছর সিপিএম মাথা তুলতে না পারে। মুখ দেখাতে না পারে।