মমতাকে সুপ্রিম কোর্টের নোটিশ
পশ্চিমবঙ্গের মুখ্য স্বাস্থ্য উপদেষ্টা নিয়োগকে চ্যালেঞ্জ করে দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে ভারতের সুপ্রিম কোর্টের একটি ডিভিশন বেঞ্চ গতকাল শুক্রবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে নোটিশ দিয়েছেন। মুখ্যমন্ত্রীকে কেন এই মামলায় পক্ষ করা হবে না, তা নোটিশে জানতে চাওয়া হয়েছে। ছয় সপ্তাহের মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে।পশ্চিমবঙ্গ সরকার চিকিৎসক সুকুমার মুখার্জিকে রাজ্যের মুখ্য স্বাস্থ্য উপদেষ্টা হিসেবে নিয়োগ করলে অনাবাসী ভারতীয় চিকিৎসক কুনাল সাহা এই নিয়োগকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা করেন। সেই মামলায় জবাবদিহির তালিকায় মুখ্যমন্ত্রীর নাম রাখা হয়। হাইকোর্ট ওই মামলার শুনানি শেষে মুখ্যমন্ত্রীর নাম বাদ দিয়ে দেন। পরে এই আদেশের বিরুদ্ধে কুনাল সাহা সুপ্রিম কোর্টে মামলা করেন।আদালত গতকাল এই মামলার শুনানি শেষে মুখ্যমন্ত্রী, চিকিৎসক সুকুমার মুখার্জি, রাজ্য সরকার ও মেডিকেল কাউন্সিল অব ইন্ডিয়াকে নোটিশ প্রদান করে ছয় সপ্তাহের মধ্যে জবাব চেয়েছেন। সুপ্রিম কোর্ট এ-ও বলেছেন, মুখ্যমন্ত্রীর নাম জবাবদিহির তালিকা থেকে বাদ দেওয়া ঠিক হয়নি।