মমতাকে হত্যার চক্রান্ত ফাঁস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হত্যা করার এক চক্রান্ত ফাঁস হয়ে গেছে বলে কলকাতার সরকারপন্থী বেসরকারি টিভি চ্যানেল ‘চ্যানেল-১০’ গতকাল রোববার খবর প্রচার করেছে। চ্যানেল-১০-এর খবরে বলা হয়, মমতা নিরাপত্তার বেড়াজাল ছিন্ন করে প্রায়ই সাধারণ মানুষের সঙ্গে মিশে যান। এ সুযোগ কাজে লাগাতে চায় চক্রান্তকারীরা। তাই তারা মানববোমা পাঠিয়ে মমতাকে হত্যা করার চক্রান্ত করছে। আর এ কাজে ব্যবহার করা হবে নারীদের। এ লক্ষ্যে বাংলাদেশের দু-তিনটি ক্যাম্পে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এতে যোগ দিচ্ছে স্কুলের ছাত্রীরা। তৃণমূল সাংসদ কুনাল ঘোষ বলেছেন, ইতিমধ্যে বাংলাদেশের বরিশালের অদূরে একটি ক্যাম্প থেকে ছয় কিশোরীকে গ্রেপ্তার করেছে বাংলাদেশের পুলিশ। তারা পুলিশের কাছে ফাঁস করেছে তাদের চক্রান্তের কথা। এর পেছনে রয়েছে বাংলাদেশের একটি জঙ্গিগোষ্ঠী। এ ব্যাপারে বরিশালের পুলিশ সুপার দেবদাস ভট্টাচার্য প্রথম আলোকে বলেন, বরিশালে এ ধরনের কোনো নারীকে গ্রেপ্তারের ঘটনা ঘটেনি।