মমতাকে 'গ্যাং লিডার' বললেন প্রতিমন্ত্রী
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘গ্যাং লিডার’ বলে আখ্যায়িত করেছেন ভারতের কেন্দ্রীয় রেল প্রতিমন্ত্রী অধীর চৌধুরী।
গতকাল শুক্রবার কলকাতার দক্ষিণ-পূর্ব রেলের সদর দপ্তর গার্ডেনরিচে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন অধীর চৌধুরী।
বীরভূমের পঞ্চায়েত নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীদের বাড়িঘর পুড়িয়ে দেওয়ায় এবং পুলিশকে বোমা মারার হুমকির ব্যাপারে তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে রাজ্য সরকার কোনো ব্যবস্থা না নেওয়ার পরিপ্রেক্ষিতে রেল প্রতিমন্ত্রীর বক্তব্য জানতে চান সাংবাদিকেরা।
এ সময় মমতার তৃণমূল কংগ্রেসের উদ্দেশে অধীর চৌধুরী বলেন, ‘ওটা তো দল নয়, ওটা একটা গ্যাং। এ ব্যাপারে গ্যাং লিডারই ঠিক করবেন।’
রেল প্রতিমন্ত্রী আরও বলেন, ‘এখন রাজনৈতিক প্রতিপক্ষকে শত্রু হিসেবে দেখা হচ্ছে। এটা ঠিক নয়। রাজনৈতিক প্রতিপক্ষকে শত্রু হিসেবে নয়, প্রতিপক্ষ হিসেবেই দেখা উচিত।’
অধীর চৌধুরী দাবি করেন, বাম আমলের চেয়ে এবার পঞ্চায়েত নির্বাচনে বেশি সন্ত্রাস হয়েছে।