মমতার ওপর ক্ষুব্ধ রোগীদের স্বজনেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগুনে পুড়ছে ছয়তলা হাসপাতাল ভবনটি। ভেতরে দুই শতাধিক রোগী। রাস্তায় দাঁড়িয়ে আতঙ্কে চিৎকার করছেন রোগীর স্বজনেরা।এই পরিস্থিতিতে সেখানে হাজির হলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ সময় বন্ধ হয়ে যায় হাসপাতালে যাওয়ার সরু পথটি। যে পথে ওই মুহূর্তে অ্যাম্বুলেন্সের চলাচল খুবই গুরুত্বপূর্ণ। মুখ্যমন্ত্রীর নিরাপত্তায় নিয়োজিত পুলিশ আশপাশের লোকজনকে সরিয়ে দিতে শুরু করে লাঠিপেটা। এতে ক্ষোভে ফেটে পড়েন রোগীদের আপনজনেরা।গতকাল শুক্রবার সকালে দক্ষিণ কলকাতার ঢাকুরিয়া এলাকার এএমআরআই হাসপাতালের সামনে এ পরিস্থিতির সৃষ্টি হয়। ভোরে আগুন লাগে ওই হাসপাতালে। এতে অগ্নিদগ্ধ ও বিষাক্ত ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে মারা যায় কমপক্ষে ৮২ জন। আহত হয় আরও অনেকে।গতকাল সকাল পৌনে ১০টার দিকে ঘটনাস্থলে পৌঁছান মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর তাঁকে ঘিরে ধরেন গণমাধ্যমের কর্মী ও স্থানীয় লোকজন। শুরু হয়ে যায় হুড়োহুড়ি। বাধ্য হয়ে লোকজনকে সরিয়ে দিতে লাঠিপেটা করতে থাকে পুলিশ।তখন একটি মাইক নিয়ে পুলিশ সদস্যদের উদ্দেশে মমতা বলেন, ‘এইসব কী হচ্ছে, বন্ধ করুন। লাঠিপেটা বন্ধ করুন। আপনারা কি মানুষকে পেটানোর জন্য এখানে এসেছেন?’পুলিশ ততক্ষণে কিছু মানুষকে সরিয়ে দিয়ে মুখ্যমন্ত্রীর জন্য জায়গা বের করে ফেলেছে। যদিও আলোকচিত্রীসহ সংবাদকর্মীদের ভিড় তাঁর চারপাশে। এতে ওই হাসপাতালে ঢোকার প্রধান পথটি বন্ধই থেকে যায়।এ সময় একজন রোগীর স্বজন চিৎকার করে বলতে থাকেন, ‘মমতার কারণে অ্যাম্বুলেন্স হাসপাতাল পর্যন্ত যেতে পারছে না। দয়া করে তাঁকে এখান থেকে সরে যেতে বলুন।’তখন একজন রাজনৈতিক কর্মী মমতার কানে কানে কিছু একটা বলেন। এরপর রাস্তা ছেড়ে দিয়ে মমতা কিছুটা দূরে সরে যান। অ্যাম্বুলেন্স যাওয়ার পথটিও এতে পরিষ্কার হয়।এ পরিস্থিতির কারণে রোগীদের স্বজনেরা হাসপাতালের ভেতরে আটকে পড়া আপনজনদের খবর জানতে পারেননি কয়েক ঘণ্টা। এ ঘটনায় তাঁরা প্রচণ্ড ক্ষোভ ও হতাশা প্রকাশ করেন।এক ব্যক্তি বলেন, ‘আমার বাবা এই হাসপাতালে ভর্তি আছেন। তাঁর কোনো খোঁজ আমি পাচ্ছি না। আর এখন মুখ্যমন্ত্রী এসেছেন! আপনারা (সংবাদকর্মী) তাঁর ছবি তুলতে ব্যস্ত। দয়া করে আমার কথাটা ভাবুন।’স্থানীয় লোকজন ও রোগীদের স্বজনেরা এ সময় একজন আলোকচিত্র সাংবাদিককে মারধর করেন এবং কয়েকজনের ক্যামেরা ভেঙে দেন। টাইমস অব ইন্ডিয়া ও হিন্দুস্তান টাইমস।