মমতার কাছে ভোট চাইলেন না প্রণব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের রাষ্ট্রপতি পদে কংগ্রেসের নেতৃত্বাধীন সংযুক্ত প্রগতিশীল মোর্চার (ইউপিএ) প্রার্থী প্রণব মুখার্জি রোববার রাতে ভোট চাইতে কলকাতায় যান। গতকাল সোমবার সকালে তিনি কলকাতায় রাজ্য বিধানসভা ভবনে গিয়ে সিপিএম, ফরোয়ার্ড ব্লক, সমাজবাদী পার্টি ও বহুজন সমাজ পার্টির বিধায়কদের সঙ্গে বৈঠক করেন। সেখানে তাঁকে সমর্থন দেওয়ার জন্য তিনি বিধায়কদের প্রতি আবেদন জানান। বিধায়কেরা এতে রাজি হয়েছেন। তবে অন্য সব দলের সঙ্গে বৈঠক করলেও প্রণব মুখার্জি ইউপিএ জোটের প্রধান শরিক তৃণমূল কংগ্রেস বা তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেননি। তিনি মমতার কাছে ভোটও চাননি। তবে তিনি সাংবাদিকদের বলেন, ইউপিএর একমাত্র শরিক তৃণমূল কংগ্রেস তাঁকে এখনো সমর্থন জানায়নি।প্রণব মুখার্জি বলেন, তৃণমূল কংগ্রেস ছাড়া যেসব দল এখনো ভোট দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত ঘোষণা করেনি, তাদের সবার কাছে তিনি চিঠি দিয়ে ভোট চাইবেন।অপর এক প্রশ্নের জবাবে প্রণব বলেন, ভোটের ব্যাপারে মমতা কথা বলতে চাইলে তিনি রাজি। তিনি বলেন, ‘তৃণমূল ভোটের ব্যাপারে এখনো মনস্থির করে উঠতে পারেনি। আমরা তো সবারই ভোট প্রত্যাশা করি।’ এদিকে কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী বলেছেন, ‘ইউপিএর শরিক হয়ে বাংলার এক প্রার্থীকে সমর্থন না করার খেসারত মমতাকে একদিন দিতে হবে। আমরা নিশ্চিত ভারতের পরবর্তী রাষ্ট্রপতি হচ্ছেন এই বাংলার এক নেতা প্রণব মুখার্জি। এখন শুধু সময়ের অপেক্ষা। ভারতে ১৯ জুলাই রাষ্ট্রপতি নির্বাচন হতে যাচ্ছে।’