মমতার কেন্দ্রে বিজেপির চমক
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র ভবানীপুরে লোকসভা নির্বাচনে চমক দেখিয়েছে বিজেপি।
পুরো দক্ষিণ কলকাতায় রাজ্য তৃণমূল কংগ্রেসের সভাপতি ও তৃণমূল প্রার্থী সুব্রত বকশি জিতলেও ভবানীপুরে তাঁর থেকে ১৮৫ ভোট বেশি পেয়েছেন বিজেপির প্রার্থী তথাগত রায়। অথচ এই ভবানীপুর বিধানসভা আসন থেকে বিধায়ক (এমএলএ) নির্বাচিত হন মুখ্যমন্ত্রী মমতা।
এ ছাড়া মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা পৌর করপোরেশনের ৭৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা হলেও এই ওয়ার্ডে এবার বেশি ভোট পেয়েছেন তথাগত রায়। তিনি বিজেপির রাজ্য কমিটির সাবেক সভাপতি ছিলেন।
পশ্চিমবঙ্গের প্রতিটি লোকসভা আসনের আওতায় রয়েছে সাতটি বিধানসভা কেন্দ্র। দক্ষিণ কলকাতা লোকসভা আসনের ভেতরে পড়েছে ভবানীপুর কেন্দ্রটি। এই ভবানীপুর কেন্দ্রে তৃণমূল প্রার্থী সুব্রত বকশি পেয়েছেন ৪৭ হাজার ২৮০ ভোট আর বিজেপি প্রার্থী তথাগত রায় পেয়েছেন ৪৭ হাজার ৪৬৫ ভোট। মমতার নিজের এলাকায় বিজেপির এই চমক ২০১৬ সালে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে মমতার জন্য নেতিবাচক প্রভাব ফেলবে কি না, তা নিয়ে গুঞ্জন উঠেছে এখনই।