মমতার জন্য এনডিএর রাস্তা খোলা: গড়কারি
ভারতের লোকসভা নির্বাচনের পর প্রয়োজনে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে স্বাগত জানাতে প্রস্তুত ভারতীয় জনতা পার্টি (বিজেপি)।
গতকাল শনিবার কলকাতায় বিজেপির কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে বিজেপির প্রবীণ নেতা ও সাবেক কেন্দ্রীয় সভাপতি নিতিন গড়কারি এ আহ্বান জানিয়েছেন।
নিতিন গড়কারি বলেছেন, আগামী ১৬ মে লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পর কোনো অঘটন সৃষ্টি হলে তাঁরা তা সামাল দিতে প্রস্তুত। এ জন্য তাঁরা মমতার জন্য এনডিএর রাস্তা খুলে রাখছেন। মমতা বন্দ্যোপাধ্যায় এনডিএতে আসতে চাইলে তাঁকে স্বাগত জানাতে প্রস্তুত বিজেপি।
গড়কারি আরও বলেছেন, বিজেপির সাবেক নেতা ও ভারতের প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ির নির্দেশমতো প্রয়োজনে আঞ্চলিক দলগুলোর জন্য এনডিএর দরজা খোলা রাখার নীতি গ্রহণ করেছে বিজেপি। পশ্চিমবঙ্গের চাঞ্চল্যকর সারদা-কাণ্ড সিবিআইয়ের মাধ্যমে তদন্ত হওয়া উচিত বলেও মন্তব্য করেছেন গড়কারি। বামদল, কংগ্রেস এবং রাজ্য বিজেপিও সারদা-কাণ্ড তদন্তের দাবি জানিয়েছে।
নিতিন গড়কারি বলেন, আসাম, ত্রিপুরা ও ওডিশার মতো রাজ্য যখন সিবিআই তদন্তের দাবি মেনে নিয়েছে, তখন পশ্চিমবঙ্গ সরকারেরও এই দাবি মেনে নেওয়া উচিত।