মমতার জোট গড়ার ডাকে সাড়া নেই
ভারতের আসন্ন লোকসভা নির্বাচন মাথায় রেখে কংগ্রেস-বিজেপি ও বামফ্রন্টবিরোধী একটি তৃতীয় বিকল্প গড়ার ডাক দিয়ে সাড়া পাননি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সদ্য অনুষ্ঠিত পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনে কংগ্রেসের ভরাডুবির পর মমতা ভারতে একটি তৃতীয় শক্তি গঠনের লক্ষ্যে উৎসাহিত হয়ে ওঠেন। গত রোববার পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনে ফলাফল ঘোষণার পর তিনি রাজধানী নয়াদিল্লিতে ছুটে যান। সেখানে তিনি পার্লামেন্ট ভবনে বেশ কয়েকটি রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করেন।
তৃণমূল নেত্রী মনে করেন, আসন্ন লোকসভা নির্বাচনে কংগ্রেস, বিজেপি বা বাম দলগুলোর পক্ষে সরকার গড়া সম্ভব হবে না। বরং সরকার গড়ার জন্য নির্ণায়ক শক্তি হিসেবে আবির্ভূত হবে বিভিন্ন রাজ্যের আঞ্চলিক দল। এসব আঞ্চলিক দলের সমন্বয় করে মমতা একটি তৃতীয় বিকল্প শক্তি গড়ার উদ্যোগ নেন, যাতে দিল্লিতে কংগ্রেস বা বিজেপিবিরোধী একটি সরকার গঠিত হতে পারে।