মমতার নেতৃত্বে দিল্লি দখলের আশা তৃণমূলের
নেতাই কাণ্ডের প্রথম বর্ষপূর্তি ছিল শনিবার। এ উপলক্ষে ওই দিন তৃণমূল কংগ্রেস পশ্চিম মেদিনিপুরের নেতাই ও লালগড়ে দুটি জনসভা করে। গত বছর এই দিনে নেতাইয়ে গুলিতে নয় গ্রামবাসীর মৃত্যু হয়। প্রথম জনসভা হয় নেতাইয়ে। এখানে তৃণমূল যুব কংগ্রেসের রাজ্য সভাপতি শুভেন্দু অধিকারী বলেন, সিপিএম আর কোনো দিনই জঙ্গল মহলে ফিরতে পারবে না। তবে এখনো জঙ্গল মহলে কিছু বিষধর সাপ ঘুরে বেড়াচ্ছে। তারা মাওবাদী। ওদের থেকে সাবধান থাকতে হবে। গ্রামে ঢুকলেই ওদের মেরে তাড়ান। পরে আরেকটি সভা হয় লালগড়ে। এখানে কেন্দ্রীয় মন্ত্রী মুকুল রায় বলেন, ১৯৯৮ সালে তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠিত না হলে, ৩৪ কেন ৫৪ বছরেও সিপিএম সরকারকে হটানো যেত না। আরেক কেন্দ্রীয় মন্ত্রী শিশির অধিকারী এই সভায় আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘মমতার নেতৃত্বে তৃণমূল দিল্লি দখল করবে। এ জন্য আপনাদের মমতার হাতকে আরও শক্তিশালী করতে হবে।’