মমতার পছন্দের রঙে সাজবে কলকাতা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাওড়ায় নীল–সাদা রঙে সজ্জিত উড়াল সড়ক
হাওড়ায় নীল–সাদা রঙে সজ্জিত উড়াল সড়ক

ভারতের রাজস্থান রাজ্যের রাজধানী জয়পুর সবার কাছে পিংক সিটি হিসেবে পরিচিত৷ সেই শহরের বাড়িঘর, দোকানপাট গোলাপি রঙে সাজানো৷ জয়পুরের সব জায়গায় একই রং দারুণ পছন্দ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের৷ তাই তিনি নিজের রাজ্যের রাজধানীকেও এক রঙে সািজয়ে তুলতে চান৷
মমতার পছন্দ নীল-সাদা৷ তাই তিনি কলকাতা শহরকে সাজাতে চান নীল-সাদা রঙে৷ তাঁর পছন্দকে দাম দিতে চায় কলকাতা পৌর করপোরেশন কর্তৃপক্ষ৷ এলাকার ১৪৪টি ওয়ার্ডে রয়েছে এক লাখের বেশি বাড়িঘর। সব বাড়ি নীল-সাদা রঙে রঙিন করতে চায় তারা৷
শুধু মুখে বললে তো আর সব বাড়িঘর নীল-সাদা হয়ে যাবে না৷ এ জন্য চাই কার্যকর উদ্যোগ৷ তাই গত সোমবার কলকাতা পৌর করপোরেশনের মেয়র পরিষদের এক বৈঠক হয়৷ পরে মেয়র শোভন চট্টোপাধ্যায় ঘোষণা দেন, কলকাতা পৌর এলাকার বাড়ির রং নীল-সাদা করলেই এক বছরের সম্পত্তি কর মওকুফ করবে পৌর করপোরেশন। অবশ্য এর আওতায় সরকারি ভবন, আবাসিক এলাকা বা বাণিজ্যিক ভবন পড়বে না।
মেয়র বলেন, সম্পত্তি কর কেবল মওকুফ করা হবে বেসরকারি বাসভবন ও আবাসনে। এর আওতায় সরকারি অফিস-আদালত পড়বে না। ইতিমধ্যে কলকাতার বিভিন্ন সরকারি দপ্তর এমনকি পশ্চিমবঙ্গ সরকারের অস্থায়ী সচিবালয় হাওড়ার নবান্ন ভবনকেও মমতার প্রিয় রঙে সাজানো হয়েছে।