মমতার প্রচারে মুসলমান নেতারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মমতা বন্দ্যোপাধ্যায়
মমতা বন্দ্যোপাধ্যায়

‘মোদির বিকল্প মমতা’ স্লোগানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী প্রচারে নেমেছে সেখানকার মুসলমান নেতাদের একাংশ। গতকাল সোমবার তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেল এক সংবাদ সম্মেলনের মাধ্যমে মমতার পক্ষে তাঁদের সমর্থনের বিষয়টি জানান দেয়।
সংবাদ সম্মেলনে ছিলেন সংখ্যালঘু সেলের চেয়ারম্যান অ্যাডভোকেট ইদ্রিস আলী ও কলকাতার টিপু সুলতান মসজিদের ইমাম মওলানা নুরুর রহমান বরকতি।
বরকতি বলেন, ‘আমরা প্রধানমন্ত্রীর চেয়ারে নরেন্দ্র মোদি নয়; মমতাকেই দেখতে চাই। রাজ্যের বিভিন্ন জেলা তো বটেই, উত্তর প্রদেশসহ দেশের অন্যান্য রাজ্যেও এই কথা বলতে যাব। শুধু আমি নই, আমার মতো আরও অনেক ইমাম, মওলানা এই ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন।’
এর আগে ১৬ ডিসেম্বর কলকাতা প্রেসক্লাবে এক সাংবাদ সম্মেলনে বরকতি আর বলেছিলেন, ‘ভারতবর্ষের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতে চান। মমতার সততা প্রশ্নাতীত। পশ্চিমবঙ্গ তথা গোটা ভারতবর্ষে এখন জনপ্রিয়তার শীর্ষে মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁকে প্রজেক্ট করে আসন্ন লোকসভা নির্বাচনে লড়লে জয় নিশ্চিত।’ রাজনৈতিক বিশ্লেষকেরা মনে করছেন, এখন মোদি হাওয়ার বিরুদ্ধে মুসলমান ভোটকে এক করতে পশ্চিমবঙ্গে মমতাকে দিয়ে মোদিবিরোধী হাওয়া তুলতে চাইছে মুসলমানদের একাংশ।
পশ্চিমবঙ্গের ৪২টি লোকসভা আসনের অন্তত ২৯টি আসনে মুসলিম ভোট কমবেশি ফ্যাক্টর হিসেবে বিবেচিত হয়। তবে এই রাজ্যে এবার মোদি হাওয়ার কিছুটা হলেও প্রভাব পড়েছে। আট থেকে ১০টি আসনেও বিজেপি ফ্যাক্টর হিসাবে অবতীর্ণ হতে পারে। তাই মুসলমান ভোটকে তৃণমূলের পক্ষে নেওয়ার জন্য তৃণমূলের সংখ্যালঘু সেলের নেতারা এই উদ্যোগ নিয়েছেন।
ভারতের আগামী লোকসভা নির্বাচন এপ্রিল-মে মাসে হওয়ার কথা। ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক দল নেমেও পড়েছে নির্বাচনী প্রচারে।