মমতার ফেডারেল মোর্চায় আসছে তেলেগু দেশম!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাবিত কংগ্রেস ও বিজেপিবিরোধী জোট ‘ফেডারেল মোর্চা’য় এবার যোগ দেওয়ার ঘোষণা দিয়েছে অন্ধ্র প্রদেশের প্রধান বিরোধী দল তেলেগু দেশম পার্টি। দলের প্রধান চন্দ্রবাবু নাইডু গত বৃহস্পতিবার এ ঘোষণা দিয়েছেন।চন্দ্রবাবু নাইডু জানিয়েছেন, ফেডারেল মোর্চা নিয়ে কথা বলতে তিনি শিগগিরই কলকাতায় যেতে পারেন।এর আগে বিহারের জনতা দলের (সংযুক্ত) নেতা ও রাজ্যের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার এবং ওডিশার বিজু জনতা দল নেতা ও রাজ্যের মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক ফেডারেল মোর্চা গঠনের প্রস্তাবকে সমর্থন জানিয়েছেন। বৃহস্পতিবার অন্ধ্র প্রদেশের রাজধানী হায়দরাবাদে চন্দ্রবাবু নাইডু বলেন, ইউপিএ জনসমর্থন হারিয়েছে। কংগ্রেস দুর্বল হয়ে পড়েছে। বিজেপির নেতৃত্বাধীন এনডিএ তেমন একটা সুবিধা করে উঠতে পারছে না। বরং আঞ্চলিক দলগুলোই শক্তিশালী হয়ে উঠছে। এই আঞ্চলিক দলগুলোই আগামী লোকসভা নির্বাচনের পর কেন্দ্রে সরকার গড়ার জন্য মুখ্য ভূমিকা রাখবে।