মমতার বিরুদ্ধে আদালত অবমাননার দুই মামলা
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আদালত অবমাননার দুটি মামলা করা হয়েছে। বিচারব্যবস্থা নিয়ে বিতর্কিত মন্তব্য করার অভিযোগে গতকাল বৃহস্পতিবার মামলা দুটি করা হয়। গতকাল শুনানি শেষে কলকাতা হাইকোর্ট মামলা দুটি গ্রহণ করেছেন।কলকাতা হাইকোর্টের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যসহ বেশ কয়েকজন আইনজীবী গতকাল কলকাতা হাইকোর্টে আবেদন জানান, রাজ্যের মুখ্যমন্ত্রী বিচারব্যবস্থা নিয়ে যে সব মন্তব্য করেছেন, তা আদালত অবমাননার শামিল। তাই আদালত এ ব্যাপারে মুখ্যমন্ত্রী মমতার বিরুদ্ধে স্বপ্রণোদিত হয়ে যেন একটি আদালত অবমাননার মামলা আনেন। আইনজীবীদের এই আবেদনের শুনানি শেষে ডিভিশন বেঞ্চ মামলা গ্রহণ করে প্রকৃত তথ্য জানার জন্য কলকাতার দুটি সংবাদপত্র এবং দুটি টেলিভিশন চ্যানেলকে তিন সপ্তাহের মধ্যে হলফনামা পেশ করার নির্দেশ দেন। হাইকোর্ট এ জন্য তিন সপ্তাহের সময় বেঁধে দিয়েছেন। দ্বিতীয় আদালত অবমাননার মামলাটি হয় হাইকোর্টের প্রধান বিচারপতি জয়নারায়ণ প্যাটেল ও বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চে। মামলাটি করেন হাইকোর্টের তিন আইনজীবী সুব্রত মুখার্জি, দেবাশীষ সাহা ও মনিরুজ্জামান।