মমতার বিরুদ্ধে জঙ্গলমহলে বিক্ষোভ
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিশ্রুতি অনুযায়ী সিভিক পুলিশের চাকরি না পেয়ে জঙ্গলমহলে এবার মুখ্যমন্ত্রীর সামনেই বিক্ষোভ করেছেন যুবকেরা। গতকাল বুধবার পশ্চিম মেদিনীপুরের শিলদার কলেজ ময়দানে মুখ্যমন্ত্রীর জনসভায় পোস্টার নিয়ে তাঁরা বিক্ষোভ করেন।
পঞ্চায়েত নির্বাচনের আগে ১৫ ও ২০ মার্চ দুটি পত্রিকায় এই নিয়োগের জন্য বিজ্ঞাপন দিয়েছিল রাজ্য সরকার। তাতে বলা হয়, পুরো রাজ্যে এক লাখ ২০ হাজার সিভিক পুলিশ নিয়োগ করা হবে। এর মধ্যে জঙ্গলমহলের পশ্চিম মেদিনীপুর জেলায় নয় হাজার যুবক নেওয়ার কথা ছিল। এই লক্ষ্যে পঞ্চায়েত নির্বাচনের আগে যাঁদের নেওয়া হবে, তাঁদের তালিকাও প্রকাশ করা হয়। কিন্তু এখন পর্যন্ত কারও চাকরি না হওয়ায় গতকাল বুধবার রীতিমতো পোস্টার নিয়ে যুবকেরা হাজির হয়েছিলেন মমতার সভায়। তাঁরা চিত্কার করে তাঁদের দাবির কথা জানান।