মমতার বিরুদ্ধে বিদ্রোহ, আছেন তাপস-শতাব্দী

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দোপাধ্যায়ের বিরুদ্ধে দলের চার সাংসদ কড়া সমালোচনা করে ‘বিদ্রোহ’ ঘোষণা করেছেন। এ ঘটনায় তিন সাংসদকে কারণ দর্শানো নোটিশ দিয়েছেন দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুকুল রায়।
কঠোর সমালোচনা করা ওই চার সাংসদ হলেন—সোমেন মিত্র, কুণাল ঘোষ, তাপস পাল ও শতাব্দী রায়।
গতকাল শুক্রবার কলকাতা পৌর কর্পোরেশনের বউবাজার এলাকার ৪৮ নম্বর ওয়ার্ডে স্বেচ্ছায় রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন এই চার সাংসদ। সেখানে আরও উপস্থিত ছিলেন সোমেন মিত্রের সহধর্মিণী ও তৃণমূলের বহিস্কৃত বিধায়ক শিখা মিত্র। এই সভা থেকেই চার সাংসদ প্রকাশ্যেই দল এবং দলনেত্রীর সমালোচনা করেন।
প্রবীণ তৃণমূল কংগ্রেস নেতা সোমেন মিত্র বলেছেন, ‘কথা দিয়েছিলাম যতদিন মমতাকে রাইটার্সে ঢুকিয়ে দিতে না পারব, ততদিন এই দলে থাকব। এখনও আমার কথার খেলাপ হয়নি।’ তিনি বলেন, ‘কুণালই আমায় জোর করে তৃণমূলে নিয়ে এসেছিল। কিন্তু আমি কোনও সম্মান পাচ্ছি না। আমি যে কোনও দিন যে কোনও সিদ্ধান্ত নিতে পারি।’
কুণাল ঘোষ বলেন, ‘আমার ঘাড়ে বন্দুক রেখে যাঁরা সারদাকাণ্ড ধামাচাপা দিতে চায় তাঁদের এক ইঞ্চি জমিও ছাড়ব না। আমি সবার নাম বলে দেব। রাতের অন্ধকারে কারা দেখা করতেন, সব বলে দেব। আমি চাই সারদাকাণ্ডের সিবিআই তদন্ত হোক’। তিনি আরও বলেন, ’আশঙ্কা করছি জীবনহানিও হতে পারে আমার। আমাকে প্রাণে মারার চক্রান্ত হচ্ছে।’
সাংসদ ও অভিনেতা তাপস পাল বলেছেন, ‘তৃণমূলের দুর্দিনে যাঁরা ছিলেন তাঁদের এখন দলে সম্মান নেই। আমাকে এখন মহাকরণে গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে হয় স্লিপ জমা দিয়ে’
অভিনেত্রী ও সাংসদ শতাব্দী রায় বলেছেন, ‘তিন বছরের শিশুরও আত্মসম্মান আছে। অভিমান হলে সেও মুখ ঘুরিয়ে নেয়। তৃণমূলে সেই সম্মান পাচ্ছি না আমরা। শিখা বৌদি সত্যি কথা বলেছেন। তাই বলছি শিখা বৌদি জিন্দাবাদ’।
এ প্রসঙ্গে মুকুল রায় বলেন, ‘এটা এক ধরনের বিশ্বাসঘাতকতা।’ তিনি আরও বলেন, দলনেত্রীর নির্দেশে তিন সাংসদ কুণাল ঘোষ, তাপস পাল এবং শতাব্দী রায়কে কারণ দর্শানো নোটিশ দেওয়া হচ্ছে।
তবে সাংসদ সোমেন মিত্রের বিরুদ্ধে কৌশলগত কারণে তৃণমূল কংগ্রেস এখনই কোনও ব্যবস্থা নিচ্ছে না বলে জানা গেছে।