মমতার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা নেওয়ার আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনার জন্য গত বৃহস্পতিবার ভারতের সুপ্রিম কোর্টে আবেদন করা হয়েছে। একই দিন কলকাতা হাইকোর্টে মমতার বিরুদ্ধে আদালত অবমাননার দুটি মামলা হয়েছিল। এদিকে বিচারব্যবস্থা নিয়ে বিতর্কিত মন্তব্য করায় ভারতজুড়ে মমতার তীব্র সমালোচনা হচ্ছে।ভারতের সুপ্রিম কোর্টে মমতার বিরুদ্ধে আবেদন পেশ করেন জম্মু ও কাশ্মীরের প্যান্থার পার্টির প্রতিষ্ঠাতা ও প্রবীণ আইনজীবী ভীম সিং। ভীম সিং সুপ্রিম কোর্টে করা আবেদনে বলেন, মমতার মন্তব্য ভারতীয় বিচারব্যবস্থা সম্পর্কে সাধারণ মানুষের আস্থা হারানোর ক্ষেত্রে অবশ্যম্ভাবী প্রভাব ফেলবে। বিচার বিভাগ নিয়ে মমতার মন্তব্যকে ঘিরে দেশজুড়ে সমালোচনা শুরু হয়েছে। মমতার মন্তব্যের নিন্দা করেছে অল ইন্ডিয়া ল ইয়ার্স ইউনিয়ন। কলকাতায় কংগ্রেসের আইনজীবী সেল প্রতিবাদ মিছিল করেছে। মমতার ওই বক্তব্য প্রত্যাহার এবং ক্ষমা চাওয়ার দাবি জানান তাঁরা। তবে মমতার দাবি, তিনি যা বলেছেন, ঠিকই বলেছেন। পরেও তিনি একই কথা বলবেন। ভারতের সাবেক অ্যাটর্নি জেনারেল সোলি সোরাবজি বলেন, মমতার এই মন্তব্য নিয়ে আদালত অবমাননার মামলা হতেই পারে। প্রেস কাউন্সিল অব ইন্ডিয়ার চেয়ারম্যান মার্কন্ডেয় কাটজু বলেন, বেলপাহাড়িতে মমতাকে প্রশ্ন করায় যে কৃষককে গ্রেপ্তার করা হয়েছিল, সেই ঘটনায় মমতাকে গ্রেপ্তার করা উচিত ছিল।