মমতার বিরুদ্ধে ৮ বছর ধরে ঝুলছে পরোয়ানা

২০০৬ সালে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা এখনো ঝুলে আছে। ওই বছর ২৭ ফেব্রুয়ারির মধ্যে মমতাকে আদালতে হাজির করতে পুলিশকে নির্দেশ দেওয়া হলেও তিনি আদালতে হাজির হননি। এতে গ্রেপ্তারি পরোয়ানা এখনো ঝুলে আছে।
ভারতের লোকসভা নির্বাচন চলাকালে এক বছরের পুরোনো একটি মামলায় মঙ্গলবার হঠাত্ করে সিপিএম নেতা গৌতম দেব ও লোকসভা নির্বাচনে যাদবপুর আসনের সিপিএমের প্রার্থী সুজন চক্রবর্তীকে থানায় তলব করা হয়। ক্ষুব্ধ গৌতম দেব গতকাল বুধবার বলেন, ‘মুখ্যমন্ত্রীর নামে গ্রেপ্তারি পরোয়ানা পড়ে থাকলেও তাঁকে তো ডাকছে না পুলিশ।’
অবশ্য গৌতম দেব ও সুজন চক্রবর্তী পুলিশের ডাকে সাড়া দেননি। নির্বাচনের পর থানায় দেখা করবেন বলে তাঁরা জানান।
গৌতম দেব বলেন, ১৯৯৪ সালের ২২ ফেব্রুয়ারি উত্তর ২৪ পরগনা জেলা সদর বারাসাতে যুব কংগ্রেসের এক সভা ছিল। ওই সভায় যুব কংগ্রেস নেত্রী মমতার সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এতে যুব কংগ্রেস কর্মী গোবিন্দ বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু হয়। পুলিশ এ ঘটনার পর খুনের চেষ্টা, দাঙ্গা-হাঙ্গামা বাধানো ও সরকারি সম্পত্তি নষ্ট করার অভিযোগে মমতা, বর্তমান সাংসদ সৌগত রায়সহ ১৯৩ জনকে আসামি করে একটি মামলা করে। এর মধ্যে পুলিশ সেদিন ১৮৩ জন আসামিকে গ্রেপ্তার করে। পরে তাঁরা জামিনে মুক্তি পান। বাকি ১০ জনের মধ্যে তিনজন আদালতে আত্মসমর্পণ করেছিলেন। আর অন্য সাতজন আত্মসমর্পণ বা আদালত থেকে জামিন নেননি। এর মধ্যে রয়েছেন মমতা ও সৌগত রায়।
মামলাটি এখনো আদালতে বিচারাধীন। আগামী ৬ জুন সেই মামলার পরবর্তী তারিখ নির্ধারিত হয়েছে।
এ মামলা করার পর মমতা আদালতে উপস্থিত হননি। যদিও তাঁকে আদালতে হাজির হওয়ার জন্য নোটিশ দেওয়া হয়। পুলিশও গ্রেপ্তার করেনি তাঁকে। আর তাই এখনো পড়ে আছে মমতার বিরুদ্ধে জারি হওয়া সেই গ্রেপ্তারি পরোয়ানা।