মমতার ভাইপোর জামিন নামঞ্জুর আজ শুনানি
পুলিশকে চড় মারার অভিযোগে গ্রেপ্তার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইয়ের ছেলে আকাশ বন্দ্যোপাধ্যায়ের জামিন নামঞ্জুর করেছেন কলকাতার একটি আদালত। একই সঙ্গে আদালতের বিচারক আজ শুক্রবার পর্যন্ত তাঁকে জেলহাজতে রাখার নির্দেশ দিয়েছেন। আজ তাঁর মামলার শুনানি আবার শুরু হবে।পুলিশের ওপর হামলার অভিযোগে ভাইপো গ্রেপ্তারের ঘটনা মুখ্যমন্ত্রী মমতাকে বিতর্কের মধ্যে ঠেলে দিয়েছে। তবে তাঁর দল তৃণমূল কংগ্রেস বলছে, এটি বড় কোনো ঘটনা নয়।মমতা সরকারের এক মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, সেখানে ছোট একটি ঘটনা ঘটেছিল। তিনি বলেন, ‘শুধু কলকাতা কেন, যারা গাড়ি চালায়, তাদের সঙ্গে ট্রাফিক পুলিশের কথা-কাটাকাটি বা হাতাহাতির ঘটনা প্রায়ই ঘটে। ভারতজুড়ে এ ধরনের ঘটনা নতুন কিছু নয়।’গত বুধবার কলকাতার খিদিরপুরে আইন লঙ্ঘন করে সড়কের ভুল পাশ দিয়ে চালানোর সময় এক ট্রাফিক পুলিশ আকাশের গাড়িটি থামান। এরপর গাড়ি থেকে নেমে তিনি ওই পুলিশকে চড় মারেন। প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশকে চড় মারার পর আকাশ চিৎকার করে বলেন, ‘আপনি জানেন, আমি কে?’ পরে আকাশের পরিচয় নিশ্চিত হওয়ার পর পুলিশ তাঁকে ছেড়ে দেয়। এরপর ঘটনাটি নিয়ে স্থানীয় গণমাধ্যম প্রতিবেদন প্রকাশের পর আকাশকে গ্রেপ্তার করা হয়।