মমতার ভোল বদল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মমতা বন্দ্যোপাধ্যায়
মমতা বন্দ্যোপাধ্যায়

হঠাৎ ভোল বদল করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘুরে গেছেন একেবারে ১৮০ ডিগ্রি। বিরোধিতার অবস্থান বদলে নরেন্দ্র মোদি সরকারের পাশে দাঁড়িয়েছেন তিনি। লোকসভায় সরকারের পেশ করা একটি বিলের প্রতি সমর্থন জানিয়ে তা পাস করিয়ে দিয়েছে মমতার তৃণমূল।
মোদির মুখ্যসচিব পদে টেলিকম অথরিটি অব ইন্ডিয়া বা ট্রাইর সাবেক চেয়ারম্যান নৃপেন্দ্র মিশ্রর নিয়োগ নিয়ে আইন সংশোধনের প্রয়োজনীয়তা দেখা দেয়। আইনটি সংশোধনের জন্য লোকসভায় পেশ করা হয়।
এর আগে বিলটি নিয়ে আলোচনার সময় তীব্র বিরোধিতা করেন তৃণমূল সাংসদ সৌগত রায়। বিরোধিতায় নামে কংগ্রেস ও বামদলও। কিন্তু ২৪ ঘণ্টার ব্যবধানে গতকাল সোমবার সকালে ভোল পাল্টে ফেলে তৃণমূল।
গতকাল ‘ট্রাই সংশোধনী বিল’ আলোচনা শেষে পাস হওয়ার কথা ছিল। বিলের বিরুদ্ধে প্রস্তাব আলোচনা করার কথা ছিল কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী ও তৃণমূল সাংসদ সৌগত রায়ের। তবে সকালেই সবকিছু উল্টে যায়। তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় সংসদে জানিয়ে দেন, তাঁরা সরকারের এই বিলকে সমর্থন করছেন। কংগ্রেস ও বামদল বিরোধিতা করলেও লোকসভায় বিলটি পাস হয়ে যায়।
রাজনৈতিক বিশ্লেষকেরা মনে করছেন, সারদাসহ একাধিক কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ছে তৃণমূল। সারদা কেলেঙ্কারিতে উঠে আসছে মমতাসহ তাঁর দলের বেশ কয়েকজন মন্ত্রী, সাংসদ, বিধায়কের নাম। সিবিআই তদন্তে আটকে যেতে পারেন মমতা ও তাঁর দলের নেতারা। মূলত এ আশঙ্কা থেকেই কেন্দ্রীয় সরকারের পাশে দাঁড়ানোর কৌশল নিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।
তৃণমূলের এই পরিবর্তিত অবস্থানে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন কংগ্রেসের সাংসদ অধীর চৌধুরী। তিনি বলেছেন, ‘ভোল বদল নয়, পুরো ডিগবাজি খেয়েছে তৃণমূল। এখন পুরো রফা হয়ে গেছে তৃণমূল আর বিজেপির মধ্যে।’
সিপিএম নেতা ও সাংসদ মহম্মদ সেলিম বলেছেন, ‘সারদা কেলেঙ্কারির মতো বিভিন্ন দুর্নীতিতে জড়িয়ে রয়েছেন তৃণমূলের বহু নেতা ও মন্ত্রী। তাই সিবিআইয়ের ভয় দেখিয়ে মমতার সমর্থন আদায় করেছে বিজেপি।’
লোকসভা নির্বাচনের সময় মোদিকে ‘দাঙ্গাবাবু’ এবং কোমরে দড়ি পরানোর কথাও বলেছিলেন মমতা। অথচ সেই তিনিই এখন মোদির পাশে দাঁড়ানোয় পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহল বিস্মিত হয়েছে।