মমতার মায়ের জীবনাবসান
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মা গায়ত্রী দেবী (৮১) আর নেই। গতকাল শনিবার সকাল আটটা ৩৫ মিনিটে কলকাতার পিজি বা এসএসকেএম হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।গায়ত্রী দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। কয়েক দিন ধরে তাঁকে জীবন রক্ষাকারী কৃত্রিম যন্ত্র দিয়ে বাঁচিয়ে রাখা হয়েছিল।গতকাল বেলা ১১টার দিকে গায়ত্রী দেবীর মরদেহ তাঁর কালীঘাটের বাসভবনে নেওয়া হয়। সেখানে আত্মীয়স্বজন ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা তাঁর প্রতি শেষ শ্রদ্ধা জানান। গতকাল কলকাতার কেওড়াতলা মহাশ্মশানে তাঁর শেষকৃত্য অনুষ্ঠিত হয়।চলতি বছর মমতা পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বিপুলভাবে জয়ী হন। বামদের ৩৪ বছরের শাসনের বিরুদ্ধে তিনি এই বিজয় অর্জন করেন। এই নির্বাচনে মা গায়ত্রী মমতাকে বিপুল উৎসাহ দিয়েছেন। গায়ত্রী মমতার রাজনৈতিক ক্যারিয়ারেও একজন উৎসাহদাত্রী।মস্কো সফররত ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং মমতার মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। মনমোহন সিং এক শোকবার্তায় মমতাকে লিখেছেন, ‘আপনার মায়ের মৃত্যুর সংবাদে আমি গভীরভাবে শোকাহত। আমি আপনার বেদনা অনুভব করতে পারি।’মমতার বাবার নাম প্রমিলেশ্বর বন্দ্যোপাধ্যায়। মমতার বয়স যখন ১২ বছর, তখন তিনি তাঁর বাবাকে হারান।