মমতার মুখে কালি হাসিমুখ প্রণবের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতাকে পুরোপুরি অগ্রাহ্য করে অর্থমন্ত্রী প্রণব মুখার্জিকেই শেষ পর্যন্ত রাষ্ট্রপতি পদে প্রার্থী করল কংগ্রেস। ভারতের রাজনৈতিক বিশ্লেষকদের মতে, কংগ্রেসের এ পদক্ষেপে ‘একরোখা’ মমতার মুখে কালি পড়েছে; শেষ হাসি ফুটেছে ‘বিনয়ী’ প্রণবের মুখে।ভারতের ১৩তম রাষ্ট্রপতি হিসেবে মততার পছন্দ এ পি জে আবদুল কালাম। মমতা ভেবেছিলেন, মুলায়ম সিং তাঁর সঙ্গেই আছেন। কিন্তু কংগ্রেসের সঙ্গে দর-কষাকষিতে সন্তুষ্ট হয়ে আগের অবস্থান থেকে ঘুরে প্রণবকে সমর্থন জানান মুলায়ম সিং। মায়াবতীও হাঁটলেন একই পথে। প্রণবকে রাইসিনা হিলসে পাঠাতে যখন চলছে নানা আয়োজন, প্রণব-বিরোধিতার রাজনীতি করতে গিয়ে মমতা তখন সবার কাছ থেকে বিচ্ছিন্ন।দিল্লির বিশ্লেষকেরা বলছেন, মুলায়ম সিংয়ের ওপর ভরসা করে ভুল করেছেন মমতা। গত বুধবার মমতার পাশে বসে যিনি নিজেদের পছন্দের তিন প্রার্থীর নাম ঘোষণা করেছিলেন, সেই মুলায়ম সম্পূর্ণ উল্টো দিকে ঘুরে গিয়ে বলেন, ‘প্রণব অভিজ্ঞ, সৎ, বুদ্ধিমান এবং রাষ্ট্রপতি পদে যোগ্য লোক। আমরা তাঁকে সমর্থন করছি।’ মমতার জন্য রাজনৈতিক দিক দিয়ে এটি বড় ধরনের ধাক্কা বলে মনে করছেন বিশ্লেষকেরা।মমতা অবশ্য এতে মোটেও বিচলিত নন। এ আভাস তাঁর বক্তব্যে সুস্পষ্ট। দিল্লি ছাড়ার আগে তাঁর ঘোষণা, ‘সবাইকে বলছি, কালামকে সমর্থন করুন।’ গতকাল সন্ধ্যায় মহাকরণে গিয়ে বললেন, ‘খেলা এখনো শেষ হয়নি।’মমতার বিরোধিতা সত্ত্বেও প্রণবের আচরণে বিনয়ের সুর। তৃণমূল নেত্রীকে বার্তা দিয়ে তিনি বলেন, ‘মমতা আমার বোনের মতো। আমি ওর সমর্থন চাই।’প্রণবের মিষ্টিকথায় মমতার মন গলেনি। তাই এখনো প্রণব-বিরোধিতায় অনড় তিনি। কালামের প্রার্থিতার পক্ষে গতকাল শনিবার সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুকে প্রচারণায় নেমেছেন মমতা। ফেসবুকে এটাই তাঁর প্রথম আত্মপ্রকাশ। সেখানে কালামের নানা স্তুতির পাশাপাশি মমতা লিখেছেন, ‘রাষ্ট্রপতি হিসেবে ভারতের লাখ লাখ মানুষ যাঁকে দেখতে চায়, তাঁর পক্ষেই আমার সমর্থন।’ এনডিটিভি, বিজনেস টুডে।