পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুরের বেলপাহাড়ির সেই ঘটনায় এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করেছেন প্রেস কাউন্সিল অব ইন্ডিয়ার চেয়ারম্যান ও সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি মার্কন্ডেয় কাটজু। তিনি মমতাকে স্বৈরাচারী, অসহিষ্ণু ও খামখেয়ালি বলে উল্লেখ করেন। মুখ্যমন্ত্রী মমতা গত বুধবার পশ্চিম মেদিনীপুর জেলার বেলপাহাড়িতে এক জনসভায় ভাষণ দিচ্ছিলেন। ওই সময় স্থানীয় নয়াগ্রামের মজুর শিলাদিত্য চৌধুরী মুখ্যমন্ত্রীর কাছে তাঁর অভাব-অভিযোগের কথা জানাতে তাঁর কাছে যেতে চাইলে বাধা দেয় পুলিশ। তখন শিলাদিত্য তাঁর অভিযোগের কিছু কথা বলতে শুরু করলে মমতা তৎক্ষণাৎ বলে ওঠেন, কয়েকজন মাওবাদী সভায় ঢুকে গোলমাল বাধাতে চাইছে। ওই ছেলেটা তাদের একজন। ওকে ধরুন। এরপরই পুলিশ শিলাদিত্যকে আটক করে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেয়। শনিবার ফের তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। পরে আদালত তাঁকে ১৪ দিনের জেল হেফাজত দেয়। ওই ঘটনাকে কেন্দ্র করে কলকাতার রাজনৈতিক ও বুদ্ধিজীবী মহল মুখ্যমন্ত্রী মমতার তীব্র সমালোচনা করে। কংগ্রেস, বিজেপি, সিপিএমসহ বহু রাজনৈতিক দল এই ঘটনার নিন্দা করে বলে, মমতা এখন গণতন্ত্রের নামে নিজের হাতে আইন তুলে নিয়েছেন। সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়সহ কলকাতার বিশিষ্টজনেরাও তাঁর সমালোচনা করেন। গত রোববার রাজধানী নয়াদিল্লিতে মার্কন্ডেয় কাটজু এক বিবৃতিতে বলেন, রাজনৈতিক নেত্রী হওয়ার কোনো যোগ্যতা তাঁর নেই। তিনি ক্ষমতার অপব্যবহার করছেন। এই ঘটনায় সাংবিধানিক ও মানবাধিকার ক্ষুণ্ন হয়েছে।কিছুদিন আগে মার্কন্ডেয় কাটজু কলকাতায় এক অনুষ্ঠানে মমতাকে সৎ রাজনৈতিক নেত্রী হিসেবে উল্লেখ করেছিলেন। রোববার বিবৃতিতে তিনি সেদিনের সেই বক্তব্য প্রত্যাহার করে নেওয়ার কথাও বলেন। বিজেপির রাজ্য সভাপতি রাহুল সিনহা বলেন, এখন কেউ স্বাধীনভাবে কথা বলতেই পারবে না। সিপিএম সাংসদ নীলোৎপল বসু বলেন, মমতা কখনো সমালোচনা সহ্য করতে পারেন না। সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায় বলেন, এটা সুস্থ গণতন্ত্রে হয় না।