মমতার শাসনেও হাল ফেরেনি মুসলিমদের
ভারতের পশ্চিমবঙ্গে সাত বছর আগে বামফ্রন্টের জমানায় রাজ্যের সংখ্যালঘু মুসলিমদের আর্থসামাজিক অবস্থার করুণ ছবি ফুটে উঠেছিল সাচার কমিটির প্রতিবেদনে৷ সুমলিমদের অবস্থা নিয়ে তখন সোচ্চার হয়েছিলেন রাজ্যের তৎকালীন বিরোধীদলীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ বলেছিলেন, তাঁর দল তৃণমূল কংগ্রেস ক্ষমতায় গেলে উন্নতি হবে মুসলিমদের৷ গত তিন বছরে পশ্চিমবঙ্গের ক্ষমতায় তৃণমূল৷ এর পরও আশানুরূপ উন্নতি হয়নি মুসলিম সম্প্রদায়ের৷ বরং যে তিমিরে মুসলিমরা ছিল, সেই তিমিরেই রয়ে গেছে৷ অথচ মমতা বলছেন, মুসলিমদের উন্নয়নের কাজ ইতিমধ্যে ৯০ শতাংশ সম্পন্ন হয়েছে৷
রাজ্যের সংখ্যালঘু মুসলিমদের আর্থসামাজিক অবস্থার বর্তমান হালহকিকত জানার জন্য রাজ্যের দুটি বেসরকারি জরিপ সংস্থা এক সমীক্ষা চালিয়েছে৷ সেই সমীক্ষার প্রাথমিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে গত শনিবার৷ এ সময় উপস্থিত ছিলেন প্রখ্যাত কবি শঙ্খ ঘোষ এবং সাহিত্যিক নবনীতা দেবসেন৷
দীর্ঘ আড়াই বছর ধরে ‘পশ্চিমবঙ্গে মুসলমানদের অবস্থা’ শীর্ষক সমীক্ষাটি চালায় অ্যাসোসিয়েশন স্ন্যাপ এবং গাইডেন্স গিল্ড৷ রাজ্যের ১৯টি জেলার মুসলিম-অধ্যুষিত ৩২৫টি গ্রাম এবং ৭৫টি শহর থেকে তথ্য সংগ্রহ করা হয়েছে৷ সমীক্ষক দল ৯৭ হাজরের বেশি বাড়িতে গিয়ে বিভিন্ন বয়সের সাড়ে চার লাখের বেশি মুসলিম পুরুষ ও নারীর সঙ্গে কথা বলে৷
প্রতিবেদনে বলা হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর পশ্চিমবঙ্গের মুসলিমদের আর্থসামাজিক অবস্থার হাল ফেরেনি৷ মুসলিমদের মধ্যে নিরক্ষতার হার ১৭ দশমিক ৫৯ শতাংশ৷ আর ১২ শতাংশের শিক্ষা প্রাথমিক স্তরে সীমাবদ্ধ৷ স্নাতক স্তর পর্যন্ত পড়েছেন ৪ দশমিক ৮৫ শতাংশ৷ স্নাতকোত্তর ১ দশমিক ৮৬ শতাংশ৷ মুসলিম সাক্ষরতার হারে সবচেয়ে পিছিয়ে উত্তর দিনাজপুর জেলা৷ এরপর রয়েছে নদীয়া, পুরুলিয়া ও কোচবিহার৷ আর খাস কলকাতায় ৪ শতাংশের বেশি মুসলিম নিরক্ষর৷ চিকিৎসক-প্রকৌশলীদের মতো মুসলিমরা আছেন মাত্র ২ দশমিক ০২ শতাংশ৷
সমীক্ষা প্রতিবেদনে আরও বলা হয়েছে, মুসলিম-অধ্যুষিত গ্রামগুলোর ২৭ দশমিক ১৩ শতাংশে রাস্তায় পানি জমে থাকে৷ গ্রামের ১৮ শতাংশ কাঁচা রাস্তা৷ ৯ শতাংশ গ্রামের রাস্তা পাকা, ৪ শতাংশ কংক্রিটের৷
সমীক্ষা চালানো গ্রামের ৮ শতাংশে এখনো বিদ্যুৎ পৌঁছেনি৷ তবে ৯৪ শতাংশ গ্রামে সাধারণের ব্যবহারের জন্য জন্য নলকূপ রয়েছে৷ আবার এর মধ্যে ৬৯ শতাংশ নলকূপ নিজেরাই বসিয়েছেন৷ সরকারি নলকূপ পাওয়া যায় ৩৬ শতাংশ গ্রামে৷ আবার ৩৫ শতাংশ গ্রামবাসীর চিকিৎসার জন্য যেতে হয় অন্তত ৪ কিলোমিটার দূরের সরকারি চিকিৎসাকেন্দ্রে৷ ১২ শতাংশের সরকারি চিকিৎসাকেন্দ্র ৮ কিলোমিটার দূরে৷ ৪৬ শতাংশ সরকারি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে কোনো শয্যা নেই৷ ৪৫ শতাংশ গ্রামবাসীকে নির্ভর করতে হয় হাতুড়ে চিকিৎসকদের ওপর৷