মমতার সঙ্গে জোটের পথ খোলা রেখেছে বিজেপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের আসন্ন লোকসভা নির্বাচনে কোন দল বা জোট সরকার গড়বে—এ ব্যাপারে এখনো কোনো স্পষ্ট ছবি ফুটে ওঠেনি। তবে বিভিন্ন জনমত সমীক্ষায় আভাস দেওয়া হয়েছে, নির্বাচনে বিজেপির নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক জোট বা এনডিএ সংখ্যাগরিষ্ঠ আসন পেলেও সরকার গড়ার অবস্থায় যেতে পারবে না। এনডিএকেও অন্যান্য দলের সমর্থন নিয়ে সরকার গড়তে হবে।

ভারতের লোকসভার নির্বাচন আগামী এপ্রিল-মে মাসে হওয়ার কথা। তাই বিজেপি এ মুহূর্তে তাদের পুরোনো শরিক মমতা বন্দোপাধ্যায়ের সঙ্গে বিবাদে যেতে চাইছে না। বিজেপি নির্বাচনের পর যাতে মমতাকে তাদের জোটে পেতে পারে, এ লক্ষ্য নিয়ে এখন থেকেই মমতার সঙ্গে জোটের পথ খোলা রেখেছে।

গতকাল বুধবার কলকাতার ব্রিগেড গ্রাউন্ডে ছিল বিজেপির মহাসমাবেশ। রাজ্যের অধিকাংশ মানুষের ধারণা ছিল, বিজেপির নরেন্দ্র মোদি এদিন এই সমাবেশ থেকে পশ্চিমবঙ্গ সরকার, পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা বা তৃণমূল কংগ্রেসের রাজনীতি নিয়ে নতুন বার্তা দেবেন। কার্যত মোদি কংগ্রেস ও সিপিএমকে তুলোধুনা করলেও তৃণমূল বা মমতাকে নিয়ে তেমন কোনো বাক্যব্যয় করেননি; বরং তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে নরম এবং বামদের সম্পর্কে গরম মনোভাব নিয়ে বক্তব্য দিয়েছেন।

বিরোধীরা বলছেন, নির্বাচনোত্তর পর্বে তৃণমূলের সঙ্গে জোটের পথ খোলা রাখতেই মোদি এই ভূমিকা নিয়েছেন।

মোদির এই ভাষণের পর পশ্চিমবঙ্গ কংগ্রেসের রাজ্য সভাপতি প্রদীপ ভট্টাচার্য জানিয়ে দেন, নরেন্দ্র মোদির বক্তব্য থেকে এটা স্পষ্ট হয়েছে যে আগামী লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস ও বিজেপির আঁতাত স্পষ্ট।

সিপিএমের রাজ্য সম্পাদক বিমান বসুও বলেছেন, বিজেপি ও তৃণমূল কংগ্রেস সম্পূর্ণ সমঝোতা করে একে অপরের বিরুদ্ধে কোনো কথা বলছে না। মোদি তৃণমূলের সঙ্গে নির্বাচন-পরবর্তী সমঝোতার সম্ভাবনা জিইয়ে রেখেছেন।

আর কংগ্রেস নেতা অধীর চৌধুরী বলেন, বিজেপি কোনোদিন পশ্চিমবঙ্গ থেকে সুবিধা আদায় করতে পারবে না। রাজ্যে বিজেপির মাত্র ২ থেকে ৪ শতাংশ ভোট আছে। এতে গুরুত্ব দিচ্ছে না কংগ্রেস।

তবে তৃণমূল নেতা ফিরহাদ হাকিম জানিয়ে দিয়েছেন, বিজেপির সঙ্গে তৃণমূলের জোটের কোনো প্রশ্ন নেই।