মমতার সঙ্গে জোটের পথ খোলা রেখেছে বিজেপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতে আগামী এপ্রিল-মে মাসে অনুষ্ঠেয় লোকসভা নির্বাচনে কোন দল বা জোট ক্ষমতায় যাচ্ছে, তা নিয়ে এখনো স্পষ্ট কোনো ইঙ্গিত পাওয়া যাচ্ছে না। তবে বিভিন্ন জনমত সমীক্ষায় আভাস দেওয়া হয়েছে, নির্বাচনে বিজেপির নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক জোট (এনডিএ) সংখ্যাগরিষ্ঠ আসন পেতে পারে। তবে সরকার গঠনের মতো আসন পাওয়ার সম্ভাবনা কম।
এ পর্যন্ত যেসব জনমত জরিপ প্রকাশিত হয়েছে, তাতে দেখা যাচ্ছে, এনডিএকে অন্যান্য দলের সমর্থন নিয়েই সরকার গড়তে হবে। তাই বিজেপি এই মুহূর্তে তাদের পুরোনো শরিক মমতার সঙ্গে বিবাদে যেতে চায় না।
গত বুধবার কলকাতায় বিজেপির মহাসমাবেশে পশ্চিমবঙ্গ সরকার, পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা বা তৃণমূল কংগ্রেসের রাজনীতি নিয়ে নতুন বার্তা দেবেন নরেন্দ মোদি—রাজ্যের অধিকাংশ মানুষের ধারণা ছিল এমনই। কিন্তু মোদি তাঁর বক্তৃতায় কংগ্রেস এবং সিপিএমকে তুলাধোনা করলেও তৃণমূল বা মমতাকে নিয়ে তেমন কিছু বলেননি। বরং তিনি মমতা সম্পর্কে নরম এবং বামদের সম্পর্কে গরম মনোভাব নিয়ে বক্তৃতা করেছেন। এতেই মোদির বক্তব্য নিয়ে আলোচনা শুরু হয়েছে।
বিরোধীরা অভিযোগ তুলেছেন, তৃণমূলের সঙ্গে জোটের পথ খোলা রাখতেই মোদি এই ভূমিকা নিয়েছেন। পশ্চিমবঙ্গের কংগ্রেসের রাজ্য সভাপতি প্রদীপ ভট্টাচার্য বলেন, তাঁর বক্তব্য থেকে আগামী লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস ও বিজেপির আঁতাত স্পষ্ট।
আরেক কংগ্রেস নেতা অধীর চৌধুরী বলেন, বিজেপি কোনো দিন পশ্চিমবঙ্গ থেকে সুবিধা আদায় করতে পারবে না। রাজ্যে বিজেপির মাত্র ২ থেকে ৪ শতাংশ ভোট আছে। সিপিএমের রাজ্য সম্পাদক বিমান বসু বলেন, বিজেপি ও তৃণমূল কংগ্রেস সমাঝোতা করে একে অন্যের বিরুদ্ধে কোনো কথা বলছে না।
বিমান বসু আরও বলেন, মোদি নির্বাচনের পর প্রয়োজনে তৃণমূলের সঙ্গে সমাঝোতার সম্ভাবনা জিইয়ে রেখেছেন।
তবে তৃণমূল নেতা ফিরহাদ হাকিম দাবি করেন, বিজেপির সঙ্গে তৃণমূলের জোট করার কোনো সম্ভাবনা নেই।